ভারতে ৩৩ মাসে সর্বোচ্চ পণ্য রপ্তানি হয় গত ডিসেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধীরে ধীরে অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠছে ভারত। এতে বৃদ্ধি পাচ্ছে রপ্তানি। ২০১০ সালের ডিসেম্বরে ভারত থেকে যে পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে, তা আগের বছরের একই মাসের তুলনায় ৩৬ দশমিক ৪ শতাংশ বেশি এবং গত ৩৩ মাসের মধ্যে সর্বোচ্চ।ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ক্রমাগতভাবে রপ্তানি বৃদ্ধির ফলে চলতি ২০১১ সালের মার্চে ভারতের মোট রপ্তানির পরিমাণ ২২ হাজার ৫০০ মার্কিন ডলারে দাঁড়াতে পারে বলে আশা করা হচ্ছে।এদিকে রপ্তানি বাড়লেও হ্রাস পাচ্ছে আমদানি। এর ফলে বৈদেশিক বাণিজ্যে ঘাটতি কমে এখন দাঁড়িয়েছে মাত্র ২৬০ কোটি ডলারে। যা গত তিন বছরের মধ্যে ভারতের সর্বনিম্ন বাণিজ্য ঘাটতি।বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত এখন আর্থিক মন্দা কাটিয়ে উঠছে। আমেরিকা ও ইউরোপের বাজারে ভারতীয় পণ্যের চাহিদা বেড়ে যাওয়া এবং বেশ কিছু নতুন দেশে পণ্যের বাজার সৃষ্টি হওয়ায় রপ্তানি বাড়ছে বলে তাঁরা উল্লেখ করেন।কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে বলা হয়েছে, আলোচ্য মাসে প্রকৌশল পণ্যের রপ্তানি বেড়েছে ১১২ শতাংশ। আর বৈদ্যুতিক পণ্যে ৮৮ শতাংশ, সুতায় ৬৫ শতাংশ এবং ওষুধে ৮১০ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে। ভারতের রপ্তানিকারকদের অন্যতম সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের সভাপতি রামু এস দেওরা বলেছেন, ‘চলতি বছরের মার্চ মাসের মধ্যে আমরা রপ্তানিতে ২২ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাব।’