বাংলাদেশকে দেওয়া ভারতের গুচ্ছঋণ ১০০ কোটি ডলারের মধ্যে ২০ কোটি ডলার পাওয়া যাবে অনুদান হিসেবে। শিগগির এ অর্থ ছাড় করবে ভারত। নিজেদের অর্থায়নে পদ্মায় সেতু করলে এই অনুদানের অর্থ সেখানে ব্যবহার করা হতে পারে।সচিবালয়ে গতকাল রোববার সফররত ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাইয়ের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এসব কথা জানান। ২০ কোটি ডলারের জন্য পৃথক কোনো শর্ত থাকছে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘না, সে রকম কিছু নেই।’এদিকে, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ১২০ কোটি ডলার ঋণ বাতিল হলেও ওই অর্থ এখন বাংলাদেশের অন্য প্রকল্পে পেতে চায় সরকার। অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। তা এখনো কার্যকর। চলতি মাসেই ওয়াশিংটন যাব এবং তাঁর সঙ্গে এ বিষয়েই কথা বলব।’অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের বড় অর্থায়নকারী। এ দেশে প্রায় ৪০০ কোটি ডলারের সহায়তা প্রকল্প রয়েছে তাদের। পদ্মা সেতুর জন্য বিশ্বব্যাংকের কাছ থেকে যে ১২০ কোটি ডলার পাওয়ার কথা ছিল, তা এখন অন্য প্রকল্পে পাওয়া যেতে পারে বলে তিনি আশা করেন। অর্থমন্ত্রী বলেন, ‘এ অর্থ বাংলাদেশের প্রাপ্য, বাংলাদেশের জন্য বরাদ্দকৃত। তবে প্রকৃতপক্ষে কোন খাতে পাওয়া যাবে, তা নিয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্বব্যাংকই নেবে।’ অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের বিকল্প অর্থায়ন হিসেবে চীন, মালয়েশিয়া এবং ভারতের প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে। তিনি জানান, চলতি মাসেই ফয়সালা হবে ব্যাপারটি। চলতি মাসে যদি না-ও হয়, খুব বেশি সময় নেওয়া হবে না পদ্মা সেতুর দরপত্র আহ্বান করতে। তিন দেশের প্রস্তাব প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বিভিন্ন সময় তাদের কাছে প্রস্তাব চাওয়া হয়েছে। আমি যখন চীনে গিয়েছিলাম, তখন তাদের প্রস্তাব দিতে বলেছি। আবার ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরন কিছু দিন আগে আমার সঙ্গে সাক্ষাৎ করেন। তখন ভারতকেও প্রস্তাব দিতে বলেছি।’ তবে আগের নকশাতেই পদ্মা সেতু হবে বলে আশ্বাস দেন মুহিত। তিনি বলেন, ‘যে উৎস থেকেই অর্থায়ন হোক না কেন, আগের নকশাতেই পদ্মা সেতু হবে।’ আগামী জুলাই মাসের মধ্যে ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলেও জানান অর্থমন্ত্রী। অন্যদিকে, পদ্মা সেতু নির্মাণে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপান আন্তর্জাতিক সাহায্য সংস্থার (জাইকা) সঙ্গেও আলোচনা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।