বাংলাদেশি পাটপণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতের অ্যান্টি–ডাম্পিং শুল্ক আরোপের প্রস্তাবকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বন্ধুরাষ্ট্র হিসেবে আশা করি ভারত শিগগির তা প্রত্যাহার করবে।’
সচিবালয়ে গতকাল মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ২০১৭ সালের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। ডিসিসিআই দলের নেতৃত্ব দেন সংগঠনটির নবনির্বাচিত সভাপতি আবুল কাশেম খান।
বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ডিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি কামরুল ইসলাম, সহসভাপতি হোসেইন এ শিকদার, মহাসচিব এ এইচ এম রেজাউল কবীরসহ পর্ষদের পরিচালকেরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারত আমাদের অন্যতম বন্ধুরাষ্ট্র। তাই দেশটির সঙ্গে রেষারেষিতে যেতে চাই না। আমাদের কাছেও ভারতীয় অনেক পণ্যে অ্যান্টি–ডাম্পিং শুল্ক আরোপের প্রস্তাব আসে। কিন্তু আমরা তা করি না। কারণ, ভারতীয় পণ্যের ওপর অ্যান্টি–ডাম্পিং শুল্ক আরোপ করলে তো বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আর থাকে না। এমন প্রশ্নও তো ওঠে যে, আমরা ভারতে যে কাঁচা পাট রপ্তানি করি, তা যেন বন্ধ করে দিই।’
উৎপাদনকারী দেশ যখন স্বাভাবিক দামের চেয়ে কম দামে অন্য দেশে পণ্য রপ্তানি করে, তখন সেটাকে বলা হয় ডাম্পিং। তখন আমদানিকারক দেশ ওই পণ্যের ওপর অ্যান্টি–ডাম্পিং শুল্ক আরোপ করে। এ জন্য দেশটিকে নিজস্ব শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ দেখাতে হয়। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারত মনে করছে বাংলাদেশ থেকে পাটপণ্য ভারতে ডাম্পিংয়ের কারণে তাদের দেশের কোম্পানিগুলোর মুনাফা, উৎপাদিত পণ্যের দাম ও উৎপাদনশীলতা কমে যাচ্ছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত তামাক ও মদ ছাড়া সব পণ্যে বাংলাদেশকে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দিয়ে রেখেছে। তার পরও দেশটিতে পণ্য রপ্তানিতে কষ্ট হয়। কারণ, অনেক পণ্য রপ্তানিতে ১২ দশমিক ৫ শতাংশ হারে কাউন্টারভেইলিং শুল্ক দিতে হয়। একদিক থেকে শুল্কমুক্ত সুবিধা দিল, আরেকদিক থেকে কাউন্টারভেইলিং শুল্ক লাগিয়ে দিল। প্রকৃতপক্ষে তা শুল্কমুক্ত সুবিধা নয়।
বাংলাদেশে ভারতের রপ্তানি ৬০০ কোটি ডলারের মতো আর ভারতে বাংলাদেশের রপ্তানি ৬০ কোটি ডলারের কাছাকাছি বলে তথ্য দেন বাণিজ্যমন্ত্রী। তিনি এ-ও জানান, ভারতে প্রতিবছর বাংলাদেশের রপ্তানি বাড়ছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সব ধরনের সহযোগিতার কথা স্মরণ করে দেশটির প্রতি কৃতজ্ঞতাও জানান তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বাস করে, ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে সব বাধা দূর করতে আন্তরিক হবে।’
২৬ জানুয়ারি ভারতে বাণিজ্যবিষয়ক এক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন জানিয়ে তোফায়েল বলেন, ‘অ্যান্টি–ডাম্পিং নিয়ে ওই সময় আলোচনা করব।’