ভারতের অ্যামচেমকে বিনিয়োগের আহ্বান
ভারতের আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (অ্যামচেম, ভারত) সফররত প্রতিনিধিদলকে এ দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।অ্যামচেম ভারতের ১৭ সদস্যের প্রতিনিধিদলটির সঙ্গে গতকাল বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) বৈঠককালে এই আহ্বান জানানো হয়।ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশ শুধু সমস্যার নয়, বিপুল সম্ভাবনারও দেশ। সে কারণে চীন থেকে কারখানা এখানে সরিয়ে আনা হচ্ছে।মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে সংগঠনের সভাপতি সবুর খানের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন অ্যামচেমের সভাপতি আফতাব-উল ইসলাম।সবুর খান বলেন, ‘২০০৮ সালে অ্যামচেম ভারত ও ঢাকা চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। আমি সভাপতি হওয়ার পর এক চিঠিতে আপনাদের বলেছি, সমঝোতা স্মারক স্বাক্ষর অনেক দিন হয়েছে। এখন আমরা কাজ করতে চাই।’আফতাব-উল ইসলাম বলেন, বাংলাদেশ বিনিয়োগের আদর্শ জায়গা। এ দেশে বিনিয়োগের কিছু সমস্যা অনুভূত হলেও দ্রুত ও প্রচুর মুনাফা হয়। অ্যামচেম ভারতের প্রতিনিধিদলের প্রধান ভিশাল কে ওয়ানচুক বলেন, এ দেশের অবকাঠামো খাতের উন্নয়নে ব্যাপক চাহিদা রয়েছে। এ ক্ষেত্রে ভারতীয় অ্যামচেমের সদস্যদের বড় ধরনের সক্ষমতাও আছে। বাংলাদেশে বিনিয়োগ হলে এ দেশ সেই সক্ষমতার সুযোগ নিতে পারবে।