নর্থইস্ট-আসিয়ান ব্যবসায় সম্মেলন থেকে ফিরে বাণিজ্যমন্ত্রী
ভারতের আট রাজ্যে পণ্য রপ্তানির দ্বার উন্মোচিত
ভারতের আট রাজ্যসহ নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানির দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছর বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) কাঠামোর আওতায় মোটর-ভেহিকল (যাত্রী ও কার্গো) চুক্তি হওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য এ সুযোগ তৈরি হয়েছে। সুযোগটি নিতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
নর্থইস্ট-আসিয়ান ব্যবসায় সম্মেলন থেকে দেশে ফিরে গতকাল মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী ঢাকায় সচিবালয়ে প্রথম আলোকে এসব কথা বলেন। ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে ৭-৯ এপ্রিল তিন দিনের এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তোফায়েল আহমেদ।
ভারতের মণিপুর রাজ্য সরকারের সহযোগিতায় ইউনিয়ন মিনিস্ট্রি অব ডেভেলপমেন্ট অব নর্থইস্ট রিজিওন (ডোনার) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। মিয়ানমার, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কম্বোডিয়া, লাওস ও ব্রুনেইয়ের প্রতিনিধিরা এতে অংশ নেন।
মণিপুর রাজ্যের বাণিজ্য ও শিল্পমন্ত্রী গোভিনদাস কনথোজাম ও মণিপুর চেম্বারের কর্মকর্তারা এবং বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীসহ এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ যোগ দেন। ৃবৈঠকও করেন তোফায়েল আহমেদ।
বাণিজ্যমন্ত্রী প্রথম আলোকে বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, আসবাবপত্র, ওষুধ, মাছসহ খাদ্যপণ্যের প্রচুর চাহিদা রয়েছে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে, যা সেভেন সিস্টারস নামে পরিচিত। সেভেন সিস্টারসের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভারতের আরেকটি রাজ্য। এখন বলতে হবে এইট সিস্টারস। রাজ্যগুলো হচ্ছে মণিপুর, নাগাল্যান্ড, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, অরুণাচল ও সিকিম।
অস্ত্র এবং মাদকদ্রব্য ছাড়া ভারত সব পণ্য রপ্তানিতেই বাংলাদেশকে শুল্ক ও কোটামুক্ত পণ্য রপ্তানির সুযোগ দিলেও কিছু ক্ষেত্রে কাউন্টার ভেলিং ডিউটি (সিভিডি) আরোপের কারণে পণ্য রপ্তানি আশানুরূপ হচ্ছে না বলে জানান তোফায়েল আহমেদ।
ভারতে পণ্য রপ্তানিতে সিভিডি রয়েছে বর্তমানে ১২ দশমিক ৫ শতাংশ। এটা কমানো ও পর্যায়ক্রমে তুলে দেওয়ার পক্ষে বাণিজ্যমন্ত্রী। তবে মণিপুরের সম্মেলনে এ ব্যাপারে আলোচনা হয়নি বলে জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ব্যবধান অনেক বেশি। এটা নিয়ে অনেকেই কথা বলেন। কিন্তু বিষয়টা আমাদের জন্য ক্ষতির কিছু নয়। কারণ, খরচ কম পড়ার দিক বিবেচনা করেই অন্য দেশের পরিবর্তে আমাদের ব্যবসায়ীরা ভারত থেকে পণ্য আমদানি করেন।’