ভারতের উদ্যোগ দুঃখজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি পাটপণ্যে ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ নিয়ে রাজধানীর একটি হোটেলে ডিসিসিআই আয়োজিত সেমিনারে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ অতিথিরা l প্রথম আলো
বাংলাদেশি পাটপণ্যে ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ নিয়ে রাজধানীর একটি হোটেলে ডিসিসিআই আয়োজিত সেমিনারে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ অতিথিরা l প্রথম আলো

বাংলাদেশি পাটপণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপে ভারতের উদ্যোগকে দুঃখজনক বলে অভিহিত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ভারত শিগগিরই এ উদ্যোগ বাতিল করবে বলে আশা প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দ্বিপক্ষীয় বন্ধুসুলভ মনোভাব নিয়ে আমরা যে ব্যবসা-বাণিজ্য করি তা যাতে বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে অবশ্যই ভারতকে পদক্ষেপ নিতে হবে। ভারত অনেক বড় দেশ। আমরা চাই প্রতিবেশী দেশগুলো ভারতের কাছ থেকে ন্যায়সংগত সুযোগ-সুবিধা পাক।’
বাংলাদেশি পাটপণ্যে ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ভারতের সংশ্লিষ্ট সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব অ্যান্টি-ডাম্পিং অ্যান্ড অ্যালায়েড ডিউটিজ (ডিজিএডি) সম্প্রতি বাংলাদেশি পাটপণ্যে উচ্চ হারে শুল্ক আরোপের সুপারিশ করেছে। এ নিয়ে উদ্বিগ্ন ঢাকা চেম্বার গত মঙ্গলবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং বাংলাদেশের পাটকলের মালিক ও ভারতের আমদানিকারকেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, ‘ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু, আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে আমাদের ব্যবসা-বাণিজ্য বাড়াতে চাই।’
বাণিজ্যমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিসংখ্যান তুলে ধরে বলেন, ভারত বাংলাদেশে প্রায় ৬০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে। বাংলাদেশ রপ্তানি করতে পারে ৫০ কোটি ডলারের কিছু বেশি। ভারত বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। তবে পোশাকের ওপর ১২ শতাংশ কাউন্টার ভেইলিং শুল্ক আরোপ করেছে। তিনি বলেন, ভারত এমন সময় অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে যখন দেশটিতে বাংলাদেশের পাটপণ্য রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। এটা খুবই দুঃখজনক।
বিষয়টি নিয়ে ভারতের বাণিজ্যমন্ত্রী ও হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়টিকে বিবেচনায় নিয়েছে। আমরা চেষ্টা করব যাতে ভারত শুল্ক আরোপ না করে।’
কোনো দেশ উৎপাদনমূল্যের চেয়ে কম দামে পণ্য রপ্তানি করলে আমদানিকারক দেশ সংশ্লিষ্ট পণ্য আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করতে পারে। ভারতীয় সংস্থা ডিজিএডির সুপারিশের পর এখন দেশটির অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলেই বাংলাদেশি পণ্যকে শুল্ক দিয়ে প্রবেশ করতে হবে।
অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ পরিসংখ্যান তুলে ধরে বলেন, বাংলাদেশি পণ্য রপ্তানির কারণে ভারতের পাটশিল্প ক্ষতিগ্রস্ত হয়নি, তাদের লোকসান হচ্ছে না, এমনকি উৎপাদনও কমছে না। পাটপণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ থেকে বিরত না থাকলে বাংলাদেশকে একই ধরনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ভারতীয় পণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে। এই মুহূর্তে আমার সুতা ও পেঁয়াজের কথা মনে পড়ছে।’
অনুষ্ঠানে ভারতের পাটপণ্য আমদানিকারক সমিতির (জেপিআইএ) সভাপতি সন্দ্বীপ সরাফ বলেন, ভারতের পাটশিল্প একটি ব্যাপক সুরক্ষিত খাত। তারা মূল্য ও পরিমাণের দিক দিয়ে সুরক্ষা পায়। এ ছাড়া ভারত পাটপণ্য আমদানিতে নানা ধরনের শুল্ক ও অশুল্ক বাধা আরোপ করে রেখেছে। তিনি জানান, বাংলাদেশি পাটপণ্যকে ভারতের বাজারে ঢুকতে ৪ শতাংশ শুল্ক দিতে হয়, যা নেপালকে দিতে হয় না।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আহমদ হোসেন, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান, জনতা জুট মিলের উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক, ট্যারিফ কমিশনের সদস্য রাশেদুল হাসান, জেপিআইএর সহসভাপতি ঋষি ঝালান প্রমুখ বক্তব্য দেন।