ভারতের এলআইসি পেল জীবন বিমার লাইসেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে জীবন বিমা ব্যবসা করার সুযোগ পেল ভারত। ভারতের জীবন বিমা কোম্পানি ‘লাইফ ইনস্যুরেন্স কোম্পানি অব ইন্ডিয়া’ বা এলআইসিকে গতকাল রোববার লাইসেন্স দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বাংলাদেশে এটি পরিচালিত হবে ‘এলআইসি বাংলাদেশ লিমিটেড’ নাম নিয়ে।
এ ছাড়া যুক্তরাজ্যের কোম্পানি প্রুডেনশিয়াল করপোরেশনকেও লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আইডিআরএ। প্রুডেনশিয়াল করপোরেশন এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (নিউ মার্কেটস) উইলিয়াম কুনকে গতকাল লাইসেন্স দেওয়ার ইতিবাচক মনোভাব জানিয়ে চিঠি পাঠিয়েছে আইডিআরএ।
আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ গতকাল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আইডিআরএ সূত্রে জানা গেছে, ভারতের জীবন বিমা ব্যবসায়ের সিংহভাগ এলআইসির দখলে। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এ কোম্পানিতে বর্তমানে ১ লাখ ২০ হাজার জন চাকরি করছেন। এলআইসি হবে বাংলাদেশে পরিপূর্ণভাবে বিমা ব্যবসা করার প্রথম বিদেশি কোম্পানি। যুক্তরাষ্ট্রের মেটলাইফ বাংলাদেশে নিবন্ধিত কোম্পানি নয়, মূল কোম্পানির শাখা।
জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ৬ জুন ঢাকা সফরে এলে ওই দিনই তাঁর হাতে এলআইসিকে নিবন্ধন দেওয়ার সম্মতিপত্র তুলে দেওয়া হয়।
দেশে বর্তমানে রাষ্ট্র খাতের জীবন বিমা করপোরেশন (জেবিসি), বিদেশি মেটলাইফ আলিকো এবং ২৯টি বেসরকারি জীবন বিমা কোম্পানি রয়েছে। তবে ব্যবসা করছে মূলত জেবিসি, আলিকো ও বাকি ১৬টি কোম্পানি। অন্য ১৩টি ২০১৩ সালে নিবন্ধন পায়।
লাইসেন্স দেওয়ার আগে এলআইসিকে কিছু শর্ত দেওয়া হয়েছে। প্রথম শর্তই হচ্ছে এটি হবে বাংলাদেশ-ভারত যৌথ কোম্পানি। এ ছাড়া পরিশোধিত মূলধন হবে ১০০ কোটি টাকা, যার মধ্যে উদ্যোক্তা অংশের ৫০ শতাংশ এলআইসি ধারণ করবে এবং এ অর্থ বৈদেশিক মুদ্রায় আসবে।
১০ শতাংশ পরিশোধিত মূলধন থাকবে বাংলাদেশি উদ্যোক্তাদের হাতে। বাকি ৪০ শতাংশ তুলতে হবে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে।