ভারতের কেন্দ্রীয় ব্যাংক অধিক সতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত, পাকিস্তানসহ এ অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংকগুলো শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে আরও বেশি সতর্ক। এসব দেশের বিশেষত ভারতের পুঁজিবাজারে ব্যাংকের আর্থিক সংশ্লিষ্টতার সীমাও বাংলাদেশের চেয়ে কম।জানা গেছে, ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) সে দেশের ব্যাংকগুলোকে পুঁজিবাজারে মোট সংশ্লিষ্টতার সুযোগ দিয়েছে কোনো ব্যাংকের নিট সংগতির (নেট ওরথ) সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত। আর বাংলাদেশে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ সালে এই সীমা দেওয়া হয়েছে কোনো ব্যাংকের মোট দায় অর্থাৎ আমানতের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত।সাম্প্রতিক সময়ে দেশের শেয়ারবাজারের ফাটকা বিনিয়োগেই বেশি আগ্রহী হয়ে উঠেছে বেসরকারি খাতের বিভিন্ন ব্যাংক। অতি মুনাফার আশায় ব্যাংকগুলো এ ধরনের বিনিয়োগের দিকে ঝুঁকছে। আর এতে ঝুঁকির মধ্যে ঢুকে পড়ছে গ্রাহকের আমানত।কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক আগেও কয়েকটি ব্যাংককে এ ব্যাপারে সতর্ক করেছে। তারপরও কোনো কোনো ব্যাংক তার বিনিয়োগ নির্দিষ্ট সীমার মধ্যে নামিয়ে আনেনি।এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক অতি সম্প্রতি আটটি বেসরকারি ব্যাংককে পৃথকভাবে চিঠি দিয়ে আইন ভঙ্গের কারণ দর্শাতে বলেছে।এই কারণ দর্শানোর নোটিশ জারির পরই শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ সীমার হিসাব পদ্ধতি ও বাজারে কোনো ব্যাংকের মোট আর্থিক সংশ্লিষ্টতার হিসাব নতুনভাবে বিতর্কের জন্ম দিয়েছে। শুরু হয়েছে বাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ নিয়ে বিভিন্নমুখী আলোচনা।বাণিজ্যিক ব্যাংক ও পুঁজিবাজারের সংশ্লিষ্টরা চান, শেয়ার কেনাবেচায় ব্যাংকগুলো বেশি মাত্রায় সংশ্লিষ্ট হোক। তাতে বাজারে অর্থপ্রবাহ বাড়বে ও গতিশীলতা তৈরি হবে। অন্যদিকে ব্যাংকগুলোও বাজারে কেনাবেচা করে ও উচ্চসুদে ঋণ দিয়ে বড় অংকের মুনাফা করবে।বাংলাদেশ ব্যাংক এ ক্ষেত্রে রক্ষণশীল নীতি অনুসরণ করছে। কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য হলো, ব্যাংক গ্রাহকের আমানত নিয়ে ব্যবসা করে। তাই শেয়ারবাজারে বিনিয়োগ করতে গিয়ে ফাটকা কারবারে যত কম অর্থ খাটাবে ততই মঙ্গল। এটা কেবল বাংলাদেশ ব্যাংকই নয়, বিশ্বের বিভিন্ন দেশে কেন্দ্রীয় ব্যাংকগুলো একই ধরনের নীতি অনুসরণ করে থাকে।জানা যায়, দেশের ব্যাংকগুলো শেয়ারবাজারে একদিকে নিজস্ব তহবিলের অর্থ বিনিয়োগ করছে। পাশাপাশি গ্রাহকদেরও ঋণ দিচ্ছে বিনিয়োগ করার জন্য। আর এভাবে বিপুল পরিমাণ অর্থ শেয়ারবাজারে প্রবেশ করছে ব্যাংকব্যবস্থার মাধ্যমে।চলতি বছর বেসরকারি অনেক ব্যাংকের পরিচালন মুনাফার এক বিরাট অংশ এসেছে শেয়ারে বিনিয়োগ থেকে। গত কয়েক বছর ধরে এই ধারা অব্যাহত রয়েছে।আইনের বিধান: ব্যাংক কোম্পানি আইনের ২৬(২) ধারায় শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের জন্য বেশ কিছু বিধান রাখা হয়েছে।এতে বলা হয়েছে, কোনো কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ বা ব্যাংকের আদায় করা ও সংরক্ষিত মূলধনের ৩০ শতাংশের মধ্যে যেটি কম তার অধিক পরিমাণ টাকায় ওই কোম্পানির শেয়ার ধারণ করা যাবে না।আরও শর্ত দেওয়া আছে যে কোনো ব্যাংকের ধারণকৃত শেয়ারের পরিমাণ সমষ্টিগতভাবে ব্যাংকের মোট দায়ের ১০ ভাগের বেশি হতে পারবে না।বাংলাদেশ ব্যাংক এই আইনের আওতায় গত ১৫ জুন শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ বিষয়ে একটি সার্কুলার দিয়েছে। তাতে আইনের বিধানের কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে।ব্যাখ্যায় বলা হয়েছে, ব্যাংকের নিজস্ব ক্রয় করা শেয়ার, ডিবেঞ্চার ও বন্ড, মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের বাজারমূল্য; ব্রোকারেজ বা মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্দেশ্যে গঠিত নিজস্ব সাবসিডিয়ারি কোম্পানিতে দেওয়া ঋণের স্থিতি ও মঞ্জুরি করা ঋণসীমা; এই কোম্পানির দেওয়া ঋণের বিপরীতে নেওয়া নিশ্চয়তার ১০০ শতাংশ ইত্যাদি ব্যাংক কোম্পানি আইনে উল্লিখিত সমষ্টিগত মোট দায়ের ১০ শতাংশের মধ্যে অন্তর্ভুক্ত হবে।বির্তকের জায়গা: এই ব্যাখ্যা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। প্রথমত, বলা হচ্ছে, ব্যাংক কোম্পানি আইনে মোট দায়ের সর্বোচ্চ ১০ শতাংশ বিনিয়োগের যে সুযোগ দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংক তার মধ্যে গ্রাহকের ঋণ হিসাব ও তার বিপরীতে গ্রাহকের জমাসহ সমস্ত কিছুই হিসাবে নিচ্ছে। ফলে ব্যাংকের বিনিয়োগ করার সুযোগ অনেক সীমিত হয়ে পড়ছে।দ্বিতীয়ত, বাজারমূল্য ধরে বিনিয়োগ হিসাবে নিলে তাতে ব্যাংকের বিনিয়োগের সুযোগ একেবারেই থাকে না।আরবিআইয়ের বিধান: রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এ বিষয়ে তাদের দেওয়া মাস্টার সার্কুলারে উল্লেখ করেছে। পুঁজিবাজারে ব্যাংকের আর্থিক সংশ্লিষ্টতা (ফান্ডেড ও নন ফান্ডেড) নিট সংগতির (নেট ওরথ) ৪০ ভাগের বেশি হবে না। সাধারণভাবে নিট সংগতির হিসাব করা হয়, সম্পদ থেকে দায় বাদ দিয়ে যা থাকে তার সঙ্গে মালিকানার মূলধন যোগ করে। আরবিআই নিট সংগতির একটা ব্যাখ্যা সার্কুলারে দিয়েছে। তাতে বলা হয়েছে, পরিশোধিত মূলধন ও সাধারণ মজুদ নিয়ে নিট সংগতি হবে।বাংলাদেশ ব্যাংকের মতই আরবিআই ব্যাংকের সরাসরি বিনিয়োগ, বন্ড বা ডিবেঞ্চার, মিউচ্যুয়াল ফান্ড ও সব ধরনের ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে আর্থিক সংশ্লিষ্টতা বিবেচনায় নিয়েছে। আরবিআই বাজারমূল্য ধরেই আর্থিক সংশ্লিষ্টতার হিসাব করে থাকে।অন্যদিকে পাকিস্তানের ক্ষেত্রেও একই ধরনের নীতিমালা অনুসরণ করা হয় বলে জানা গেছে।