ভারতের কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যস্ফীতির চাপ প্রশমন করতে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) গতকাল বৃহস্পতিবার দুটি নীতিনির্ধারণী হার দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে।এর ফলে দেশটিতে রেপো ও রিভার্স রেপোর হার দাঁড়াল যথাক্রমে ৬ দশমিক ৭৫ পয়েন্ট ও ৫ দশমিক ৭৫ পয়েন্ট। তবে নগদ জমার হার (সিআরআর) ৬ শতাংশে অপরিবর্তিত রয়েছে।রেপো হলো সেই ব্যবস্থা, যেখানে সিকিউরিটিজ জমা নিয়ে আরবিআই ব্যাংকগুলোকে অর্থ ঋণ দিয়ে থাকে। আর রিভার্স রেপো হার হলো, ব্যাংকগুলোর অর্থ জমা রাখার বিপরীতে যে হারে আরবিআই সুদ দিয়ে থাকে।আরবিআই কর্তৃপক্ষ বলছে, মূল্যস্ফীতি আগামী দিনগুলোয় আরও বেড়ে যেতে পারে। সেটা বিবেচনায় রেখেই তারা নীতিনির্ধারণী সুদের হার বাড়িয়েছে। মার্চ শেষে মূল্যস্ফীতির হার ৮ শতাংশে উপনীত হতে পারে বলে মনে করছে আরবিআই। সর্বশেষ পূর্বাভাসে আরবিআই অবশ্য মূল্যস্ফীতির হার ৭ শতাংশ হবে বলে উল্লেখ করেছিল।কিন্তু খাদ্যের মূল্যস্ফীতির প্রভাবে ভারতে সাম্প্রতিক সময়ে সার্বিক মূল্যস্ফীতির হার অনেক বেড়ে গেছে। এটা কেন্দ্রীয় ব্যাংককে উদ্বিগ্ন করে তুলেছে। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৩১ শতাংশ।আরবিআই গত বছরের মার্চ থেকে এই বছরের মার্চ মাস পর্যন্ত এ নিয়ে মোট সাতবার রেপো ও রিভার্স রেপোর হার বাড়াল।বলা হচ্ছে, আরবিআই হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এশিয়ার মধ্যে সবচেয়ে আগ্রাসীভাবে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণকারী কেন্দ্রীয় ব্যাংক। এশিয়ার মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম মূল্যস্ফীতি রোধ করতে সংকোচনমূলক মুদ্রানীতি বেছে নিয়েছে। সূত্র: ইকোনমিক টাইমস