ভারতের খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত কার্যকর হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের খুচরা ব্যবসায় বিদেশি পুঁজি বিনিয়োগের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই নির্দেশ জারির ফলে ভারতের খুচরা ব্যবসায় বিদেশি শিল্পপতিদের বিনিয়োগের দরজা খুলে গেল। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতের ব্যবসায়ী মহল। তবে সমালোচনামুখর হয়েছে তৃণমূল কংগ্রেস, বাম দল, সমাজবাদী পার্টি, বিজু জনতা দলসহ ভারতের বেশ কয়েকটি রাজনৈতিক দল। এই বিজ্ঞপ্তি জারির ফলে এবার থেকে খুচরা ব্যবসায় সর্বোচ্চ ৫১ শতাংশ পুঁজি বিনিয়োগ করতে পারবে বিদেশি শিল্পপতিরা। এর ফলে ওয়াল মার্টের মতো মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ভারতে খুচরা ব্যবসায় আধিপত্য বিস্তার করার সুযোগ পাবে বলে বিরোধিতাকারীরা উল্লেখ করেছেন। এখন ভারতের যে ১০টি রাজ্য খুচরা ব্যবসায় বিদেশি পুঁজি বিনিয়োগে সমঞ্চত আছে, সেসব রাজ্যে শুক্রবার থেকে নতুন বিধান কার্যকর করা হয়েছে। রাজ্য ১০টি হলো: অন্ধ্রপ্রদেশ, আসাম, দিল্লি, হরিয়ানা, জন্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, মণিপুর, রাজস্থান, উত্তরখণ্ড এবং দমন ও দিউ। তবে এসব রাজ্যের যে শহরে এই খুচরা ব্যবসার বিপণি খোলার অনুমতি দেওয়া হবে সেই শহরের জনসংখ্যা ১০ লাখের বেশি হতে হবে। এবং এসব ক্ষেত্রে কমপক্ষে ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে হবে। ভারত সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করায় খুশি ভারতের ব্যবসায়ী মহল। অ্যাসোচেম বলেছে, এই পদক্ষেপে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের এক নতুন বার্তা দেবে। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারতের অর্থনৈতিক বিকাশ ও উন্নয়ন উভয় ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সংস্কারমুখী পদক্ষেপ।