ভারতের চাপে কৃষি ভর্তুকির সীমা বাড়ানোর বিষয়ে ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষি ভর্তুকি
কৃষি ভর্তুকি

আসন্ন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে কোনো ধরনের সমঝোতার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ভারত।
বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের নবম সম্মেলন ৩ থেকে ৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হবে।
ভারতের দাবি হলো, খাদ্যনিরাপত্তার জন্য ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে যদি ডব্লিউটিওর নির্ধারিত সীমা বাড়ানো না হয়, তাহলে বালি সম্মেলনে কোনো সমঝোতাকে সমর্থন দেবে না। গত বৃহস্পতিবার পর্যন্ত ভারতের এই অনড় অবস্থান শেষ পর্যন্ত একটা মাঝামাঝি পর্যায়ে এসে সমাধানের চেষ্টা করা হচ্ছে।
বলা হচ্ছে, চার বছরের জন্য ভারতসহ উন্নয়নশীল দেশগুলোকে খাদ্য তথা কৃষিতে ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। ডব্লিউটিওর কৃষি বাণিজ্য চুক্তি অনুসারে সদস্যদেশগুলো তাদের বার্ষিক কৃষি উৎপাদন মূল্যের ১০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিতে পারে।
তবে ভর্তুকির পরিমাণ নির্ধারণের জন্য ১৯৮৬-৮৮ সময়কালের মূল্যকে ভিত্তিমূল্য ধরে হিসাব করা হয়। আর ২০০৪ সালের পর থেকে ডব্লিউটিওতে ভর্তুকির বিষয়টি অবহিত করা হচ্ছে না।
ব্রাজিল, ভারত ও চীনের মতো অগ্রসর উন্নয়নশীল দেশগুলো এখন কৃষিতে যে ভর্তুকি দিচ্ছে, তা আবার এই সীমা অতিক্রম করে গেছে। আর তাই জি-৩৩ জোটভুক্ত দেশগুলো চাইছে কৃষি বাণিজ্যের চুক্তিতে সংশোধন আনতে।
ভারত সরকার ইতিমধ্যে খাদ্যনিরাপত্তা আইন পাস করেছে। এই আইনের আওতায় গরিব মানুষকে চাল, গম ও শস্যদানা ভর্তুকি মূল্যে সরবরাহ করা হবে। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার এই আইন পাস করেছে বলে সমালোচকেরা মন্তব্য করেছেন।
এই আইনের আওতায় ভারত সরকার তিন বছরের জন্য দেশের মোট জনগোষ্ঠীর ৬৭ শতাংশ মানুষকে নামমাত্র মূল্যে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য সরবরাহ করবে। যেমন, প্রতি কেজি চাল মাত্র তিন রুপিতে বিক্রি করা হবে।
কিন্তু এই বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হলে ভারতকে ডব্লিউটিওর নির্ধারিত সীমা অতিক্রম করে যেতে হবে।
বালি সম্মেলনে উত্থাপনের জন্য ডব্লিউটিওর যে খসড়া পাঠ তৈরি করা হয়েছে, তাতে কৃষি চুক্তির কথিত ‘শান্তি ধারা’ অনুসরণের এবং কৃষি ভর্তুকির বিষয়ে একটি স্থায়ী সমাধানের আহবান জানানো হয়েছে।
এর ফলে ২০১৭ সাল পর্যন্ত ভারতসহ উন্নয়নশীল দেশগুলো ১০ শতাংশের বেশি হারে কৃষি ভর্তুকি দিতে পারবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডাসহ উন্নত দেশগুলো ভারতসহ উন্নয়নশীল দেশগুলোর এই অবস্থানের বিরোধিতা করেছে। তারা বলছে, এ ধরনের ভর্তুকি কৃষি বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করবে।
ভারতের মন্ত্রিপরিষদ গতকাল শনিবার অবশ্য এই ছাড়ের বিষয়টি অনুমোদন করেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও বিজনেস স্ট্যান্ডার্ড