ভারতের চেয়ে চীনে পণ্য রপ্তানি বাড়ছে দ্রুতহারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে পণ্য রপ্তানি বেড়েছে প্রায় ১৩ শতাংশ
ভারতে পণ্য রপ্তানি বেড়েছে প্রায় ১৩ শতাংশ

গুটি কয়েক পণ্য বাদ দিয়ে শুল্কমুক্ত বাজারসুবিধা পাওয়ার পরও নিকটতম প্রতিবেশী ভারতে পণ্য রপ্তানি কমে গিয়েছিল। ২০১০-১১ অর্থবছরে প্রথমবার বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি ৫০ কোটি ডলারে উন্নীত হয়েছিল। পরের অর্থবছরই তা নেমে আসে ৫০ কোটি ডলারের নিচে। তবে গত অর্থবছর আবার তা কাটিয়ে ওঠা গেছে। ভারতে পণ্য রপ্তানি বেড়েছে প্রায় ১৩ শতাংশ। ৫৬ কোটি ৪০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
অবশ্য গত অর্থবছরে ভারতে পণ্য রপ্তানি আয় কিছুটা বাধাগ্রস্ত হয়েছে দেশটির মুদ্রা রুপির বড় ধরনের দরপতনের প্রভাবে। এপ্রিল মাস থেকেই মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন হতে থাকে। বড় দরপতনে একপর্যায়ে ভারতীয় আমদানিকারকেরা বাংলাদেশ থেকে সিমেন্টসহ কিছু পণ্য আমদানি কমিয়ে দেন।
২০১১ সালের নভেম্বর মাসে মালদ্বীপে সার্ক শীর্ষ সম্মেলন চলাকালে ভারত সার্কভুক্ত এলডিসিগুলোর জন্য ২৫টি (তামাক, মাদক ও অস্ত্র) বাদে সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা ঘোষণা করে। বস্তুত এই ঘোষণার মধ্য দিয়ে ভারত কার্যত সব বাংলাদেশি পণ্যকে সে দেশের বাজারে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ প্রদান করে।
নানা ধরনের শুল্ক ও অশুল্ক বাধা অতিক্রম করে বাংলাদেশি পণ্য ভারতে ধীরে ধীরে জায়গা করে নিতে পেরেছে। ২০০২-০৩ অর্থবছরে যেখানে ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি থেকে আয় হয়েছিল আট কোটি ৪০ লাখ ডলার, সেখানে ২০১১-১২ অর্থবছরে তা ৪৯ কোটি ৮৫ লাখ ডলারে উন্নীত হয়েছে। তার মানে, ১০ বছরের ব্যবধানে ভারতে বাংলাদেশের রপ্তানি প্রায় ছয় গুণ হয়েছে। আবার এই সময়কালে গড় বার্ষিক রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৬ শতাংশ। ভৌগোলিক দিক থেকেও ভারতে পণ্য রপ্তানি করা বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ। সড়ক, নৌ ও রেল—তিনটি পথেই অনায়াসে পণ্য রপ্তানি যেমন করা যায়, তেমনি আমদানিও করা যায়।

এক যুগে ভারতে পণ্য রপ্তানির প্রবণতা পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশের রপ্তানি ভারতে একটানা কখনো বাড়েনি। মাঝে দুবার কমে গিয়েছে। আবার কখনো বড় ধরনের উল্লম্ফনও হয়েছে। প্রায় একই ধরনের প্রবণতা লক্ষ করা যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে। এবং যেটা বিশেষভাবে লক্ষণীয়, তা হলো চীনে পণ্য রপ্তানি গত চার বছরে অনেক দ্রুত হারে বেড়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, ২০০৮-০৯ অর্থবছরে চীনে পণ্য রপ্তানির আয় মাত্র নয় কোটি ৭০ লাখ ডলার থেকে ২০১২-১৩ অর্থবছরে ৪৫ কোটি ৮১ লাখ ডলারে উন্নীত হয়েছে। অর্থাৎ চার বছরের ব্যবধানে চীন থেকে রপ্তানি আয় বেড়েছে প্রায় পাঁচ গুণ। একই সময়ে ভারত থেকে রপ্তানি আয় বেড়েছে দ্বিগুণ।

পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, ২০০২-০৩ অর্থবছরে মাত্র দুই কোটি ডলারের পণ্য রপ্তানি ২০১১-১২ অর্থবছরে ৪০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। আর গত এক যুগে চীন ক্রমান্বয়ে বাংলাদেশের জন্য শুল্কমুক্ত বাজার-সুবিধা বাড়িয়েছে।

যদি চীন ও ভারতে পণ্য রপ্তানির গত এক যুগের গড় প্রবৃদ্ধির হার মোটামুটি অব্যাহত থাকে, তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে চীনে এবং ছয় বছরের মধ্যে ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। বাস্তবতা হলো, এত উচ্চ হারে প্রবৃদ্ধি বেশি দিন বজায় থাকে না, থাকা সম্ভব নয়। বিশেষ করে চীনের বাজারে গত কয়েক বছরের উচ্চ প্রবৃদ্ধির অন্যতম কারণ ছিল অনেক নিম্ন পর্যায় থেকে রপ্তানিতে বড় উল্লম্ফন। এক যুগে চীনে পণ্য রপ্তানির গড় প্রবৃদ্ধি প্রায় ৩৯ শতাংশ। আর ভারতে প্রায় ২২ শতাংশ। কিন্তু গত অর্থবছরের রপ্তানি প্রবৃদ্ধিই প্রমাণ করে যে এত উচ্চ হারে কোনো দেশেই পণ্য রপ্তানির প্রবৃদ্ধি ভবিষ্যতে হবে না।

পরিসংখ্যান পর্যালোচনায় প্রতীয়মান হয় যে উচ্চ হারে রপ্তানি প্রবৃদ্ধি দু-তিন বছরের বেশি দীর্ঘায়িত হয় না। ২০০৯-১০ অর্থবছরে চীনে রপ্তানি আয় আগের বছরের প্রায় দ্বিগুণ হয়ে ১৮ কোটি ডলারে উন্নীত হয়েছিল। পরের বছর তা প্রায় ৭৭ শতাংশ বেড়ে হয় ৩২ কোটি ডলার। তার পরের বছর ২৬ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে চীনে রপ্তানি আয় দাঁড়ায় ৪০ কোটি ১৯ লাখ ডলার।

যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রায়হান প্রথম আলোকে বলেন, ‘চীন ও ভারতের রপ্তানির এই প্রবণতা থেকে এটা স্পষ্ট যে দুটিই বাংলাদেশের জন্য বিশাল সম্ভাবনাময় বাজার। আগামী দিনে এই দুই বাজারে রপ্তানি আরও বাড়বে। তবে লাফিয়ে লাফিয়ে রপ্তানি বৃদ্ধির সুযোগ কম।’

সেলিম রায়হান আরও বলেন, ‘ভারতের বাজারে তৈরি পোশাকসহ সব পণ্যে আমরা শুল্কমুক্ত সুবিধা পেয়েছি। তার পরও সেখানে রপ্তানি অনেক বাড়েনি। তাতে প্রতীয়মান হয় যে, শুল্কবাধাটা বড় প্রতিবন্ধকতা ছিল না; বরং অশুল্ক প্রতিবন্ধকতা ও পদক্ষেপগুলোই বাংলাদেশি পণ্যের প্রবেশে সমস্যা তৈরি করে আসছে। পণ্যের মান পরীক্ষা থেকে অবকাঠামোগত অপ্রতুলতা রয়েছে। আবার তৈরি পোশাকের ক্ষেত্রে ভারতীয় ভোক্তাদের চাহিদা ও পছন্দের সঙ্গে এখনো তেমন সাযুজ্য আসেনি। আর বাংলাদেশের পোশাক মূলত পশ্চিমা বিশ্বের চাহিদা অনুসারে প্রস্তুত হয়। তবে এত কিছুর পরও ভারতের বাজারে বাংলাদেশের বিরাট সুযোগ রয়ে গেছে।’

চীনের রপ্তানি প্রসঙ্গে সেলিম রায়হান বলেন, ‘এক দিকে চীন প্রায় পাঁচ হাজার পণ্যে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার দিয়েছে, অন্যদিকে চীনের ভোক্তাদের ক্রয়ক্ষমতাও তুলনামূলকভাবে বেশি। তা ছাড়া চীনের বাজারে তেমন কোনো অশুল্ক প্রতিবন্ধকতার অভিযোগ এখনো পাওয়া যায়নি। সব মিলিয়ে সেখানে রপ্তানি বাড়ছে।’

উল্লেখ্য, চীনের বাজারে প্রধান রপ্তানি পণ্যগুলো হলো নিট পোশাক ও ওভেন পোশাক, বস্ত্রসামগ্রী, চামড়া ও চামড়াজত পণ্য, প্লাস্টিক, পাট ও পাটজাত পণ্য।

অবশ্য আগামী দিনগুলোতে চীন ও ভারত—দুই বাজারেই রপ্তানি কিছুট হোঁচট খেতে পারে দেশ দুটির অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়ায়। ভারতের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি চলতি অর্থবছরে সাড়ে ৫ শতাংশে নেমে আসবে বলে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া গত সপ্তাহে পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে চীনের প্রবৃদ্ধির হারও সাড়ে ৭ শতাংশে নেমে এসেছে এবং বছর শেষে তা আরও কমে যেতে পারে। এই দুই অর্থনীতির প্রবৃদ্ধি জোরদার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রপ্তানি উচ্চ হারে বাড়ার সুযোগ মিলবে না, তা অনেকটা নিশ্চিত করেই বলা যায়।