ভারতের চেয়ে চীনে রপ্তানি বেশি
ভারতের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পরও সেখানে গত চার বছরের মধ্যে দুই বছরই বাংলাদেশের রপ্তানি কমেছে। কিন্তু চীনে এই সুবিধা পাওয়ার পর থেকে পাঁচ বছর ধরে দ্রুততর গতিতে রপ্তানি বাড়ছে। এরই ধারাবাহিকতায় ২০১৩-১৪ অর্থবছরে প্রথমবারের মতো চীনে বাংলাদেশের বার্ষিক পণ্য রপ্তানি ভারতকে ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১৩-১৪ অর্থবছরে চীনে ৭৪ কোটি ৬১ লাখ ডলারের বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে, যা তার আগের বছরের চেয়ে ৬৩ শতাংশ বেশি। ২০১২-১৩ অর্থবছরে ৪৫ কোটি ৮১ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।
অন্যদিকে একই সময়কালে ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানি কমেছে ২৩ শতাংশ। গত অর্থবছরে ভারতে বাংলাদেশি রপ্তানি থেকে আয় হয়েছে ৪৫ কোটি ৬৬ লাখ ডলার, যা ২০১২-১৩ অর্থবছরে ছিল ৫৬ কোটি ৩৯ লাখ ডলার।
দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় ভারত ২০১১ সালের নভেম্বর মাসে স্পর্শকাতর পণ্য তালিকা ৪৮০টি থেকে কমিয়ে ২৫টিতে নামিয়ে আনার ঘোষণা দেয়। এর মধ্য দিয়েই কার্যত বাংলাদেশকে ভারতের বাজারে শুল্কমুক্ত বাজারসুবিধা প্রদান করা হয়। তবে ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ ৫১ কোটি ২৫ লাখ ডলারের পণ্য ভারতে রপ্তানি করেছিল, যা পরের বছর (২০১১-১২) ৫ শতাংশ কমে হয় ৪৯ কোটি ৫১ লাখ ডলার। অবশ্য ২০১২-১৩ অর্থবছরে ভারতে বাংলাদেশের রপ্তানি ১৫ শতাংশ বৃদ্ধি পায়। তার পরের বছর আবার তা ২৩ শতাংশ কমে যায়।
অন্যদিকে, চীন বাংলাদেশকে প্রায় পাঁচ হাজার পণ্যে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার দিয়েছে। এসব পণ্য বর্তমানে চীনের মোট আমদানির ৬০ শতাংশ আর বাংলাদেশের রপ্তানিযোগ্য প্রায় ৯০ শতাংশ পণ্য রয়েছে। ২০১০ সাল থেকে চীন ক্রমাগত এই সুবিধা বাড়িয়েছে। এসব পণ্যে ৩৫ শতাংশ স্থানীয় মূল্য সংযোজনের শর্তে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হচ্ছে। আর এই সুবিধা দেওয়া হয়েছে এশীয় প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তির (আপটা) আওতায়।
শুল্কমুক্ত সুবিধার ইতিবাচক প্রভাব যে পড়েছে, তা প্রতিফলিত হয় রপ্তানির পরিসংখ্যানে। ২০০৯-১০ অর্থবছরে চীনে ১৮ কোটি ডলারের রপ্তানি পরের বছর প্রায় ৭৭ শতাংশ বেড়ে হয় ৩২ কোটি ডলার। তার পরের বছর ২৬ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে হয় ৪০ কোটি ১৯ লাখ ডলার। পরের দুই বছর যথাক্রমে ১২ শতাংশ ও ৬৩ শতাংশ হারে রপ্তানি বেড়েছে।
শুল্কমুক্ত সুবিধা পেলেও ভারতে বাজার বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশি রপ্তানিকারকেরা নানামুখী বাধার মধ্যে রয়েছেন। এ প্রসঙ্গে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের উপদেষ্টা মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, ভারতের অশুল্ক বাধায় যেমন রপ্তানি বাড়ছে না, তেমনি বাংলাদেশি রপ্তানিকারকদেরও যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে।
মনজুর আহমেদ ব্যাখ্যা করে বলেন, বাংলাদেশি অনেক পণ্যের চালান সীমান্তে আটকে দেওয়া হয় পরীক্ষার জন্য। এই পরীক্ষার জন্য অনেক সময় লাগে। কেননা, পরীক্ষাগার কলকাতা বা দিল্লিতে। তাই পণ্যের নমুনা পাঠিয়ে পরীক্ষা করে আনা পর্যন্ত স্থলবন্দরগুলোয় পর্যাপ্ত গুদাম না থাকায় যথাযথভাবে চালানগুলো রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয় না। এটা অনেক সময় রপ্তানিকারকদের নিরুৎসাহিত করে।
মনজুর অবশ্য এও বলেন, বাংলাদেশি উৎপাদক ও রপ্তানিকারকদের ভারতের বাজার ও চাহিদা সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা নেই। পণ্য বিপণনের জন্য নানামুখী কৌশল নিতে হয়, যা অনেকটাই অনুপস্থিত। পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব রাজ্যগুলোতেই বাংলাদেশিদের মনোযোগ বেশি। কিন্তু উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রের মতো ভারতের বড় ও উন্নততর রাজ্যগুলোয় বাজার ধরতে হলে যে ধরনের প্রয়াস প্রয়োজন, তা অনুপস্থিত।
অন্যদিকে চীনের বাজারে কোনো ধরনের অশুল্ক বাধা না থাকাকেই সেখানে রপ্তানি দ্রুত বাড়ার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন চীনের ঝেজিয়াং এ অ্যান্ড এফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসুদুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, চীনের বাজার বিশাল। সেখানে সাশ্রয়ী পণ্যের যে বিরাট চাহিদা, তার কিছুটা মেটাতে সক্ষম বাংলাদেশ। আর আগামী দিনে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে।
চীনের বাজারে প্রধান রপ্তানি পণ্যগুলো হলো: নিট পোশাক ও ওভেন পোশাক, বস্ত্রসামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক, পাট ও পাটজাত পণ্য।
গত অর্থবছরে ভারত ও চীন থেকে পণ্য আমদানির পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি। তবে চীন এখন বাংলাদেশের পণ্য আমদানির বৃহত্তম উৎস দেশ। এর পরই ভারতের অবস্থান।
২০১৩-১৪
চীনে ৭৪ কোটি ৬১ লাখ ডলারের বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে, যা তার আগের বছরের চেয়ে ৬৩ শতাংশ বেশি
২০১২-১৩
৪৫ কোটি ৮১ লাখ ডলারের পণ্য রপ্তানি। এ সময়ে ভারতে বাংলাদেশের রপ্তানি ১৫ শতাংশ বৃদ্ধি পায়