ভারতের জ্যোতি বাংলাদেশে সহযোগী প্রতিষ্ঠান খুলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সহযোগী প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে ভারতের ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান জ্যোতি ল্যাবরেটরিজ লিমিটেড। বাংলাদেশি প্রতিষ্ঠান কল্লোল গ্রুপের সঙ্গে যৌথ বিনিয়োগে এটি করবে ভারতীয় প্রতিষ্ঠানটি। এ জন্য ‘জ্যোতি কল্লোল বাংলাদেশ’ নামের নতুন একটি প্রতিষ্ঠান খোলা হয়েছে। আগামী ১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হবে। শুরুতে এখানে ১২ কোটি ভারতীয় রুপি বিনিয়োগ করবে ভারতের জ্যোতি। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের। নতুন এ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন উল্লাস কামাথ। তিনি বলেন, জ্যোতির বিভিন্ন পণ্যের রপ্তানি বাড়াতেই তাঁরা বাংলাদেশে আসছেন। আগামী দুই বছরে বাংলাদেশে ১০০ কোটি রুপির ব্যবসা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কামাথ জানান, সহযোগী প্রতিষ্ঠানটির ২৫ শতাংশের শেয়ার নেবে কল্লোল গ্রুপ। আর বাকি ৭৫ শতাংশের মালিকানা থাকবে জ্যোতি ল্যাবরেটরিজের হাতে। বর্তমানে বাংলাদেশে জ্যোতির বিভিন্ন পণ্যের পরিবেশক হিসেবে রয়েছে কল্লোল গ্রুপ। জ্যোতির বিভিন্ন পণ্য গত বছর নিজের দেশে ৬০০ কোটি রুপি ব্যবসা করেছে। প্রতিষ্ঠানটির উজালা ওয়াশিং পাউডার ও উজালা ব্লু প্রতিবেশী দেশ, মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় রপ্তানি করছে। জ্যোতির মোট রপ্তানি তাদের বার্ষিক লেনদেনের ৩ শতাংশ।