ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। আমদানি করা এ বিদ্যুতের দাম পড়বে প্রতি ঘণ্টা-কিলোওয়াট ৬ টাকা ৩১ পয়সা।
সচিবালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিদ্যুতের এ দর নির্ধারণের প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভাপতিত্ব করেন।
৮ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের রাজধানী দিল্লিতে এ বিদ্যুৎ আমদানির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে ক্রয় কমিটির বৈঠক সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির ওই অনুষ্ঠানে থাকবেন।
বর্তমানে ভারতের ত্রিপুরা থেকে ৬ টাকা ৪০ পয়সা ঘণ্টা-কিলোওয়াট দরে বাংলাদেশ ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে। ৬০ মেগাওয়াট আমদানি হলে ত্রিপুরা থেকে মোট বিদ্যুৎ আমদানি দাঁড়াবে ১৬০ মেগাওয়াট।
ক্রয় কমিটি এ ছাড়া গতকাল ৭৮৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন ৬টি কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও কিলোওয়াটপ্রতি দর প্রস্তাব অনুমোদন দিয়েছে। এর মধ্যে ১১৫ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র হবে চাঁদপুরে, ১০৪ মেগাওয়াটের নারায়ণগঞ্জে। বাকি ৪টি হবে দেশের বিভিন্ন এলাকায়।
ক্রয় কমিটি কক্সবাজারের মহেশখালীতে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণের একটি প্রস্তাব অনুমোদন করেছে। এতে ৫০ কোটি ডলার ব্যয় হবে।
টার্মিনালটি নির্মাণ করবে সামিট গ্রুপ এবং এটি হবে দ্বিতীয় এলএনজি টার্মিনাল। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, ১৫ বছরের চুক্তির মেয়াদ শেষে সামিট গ্রুপ টার্মিনালটি পেট্রোবাংলার হাতে ছেড়ে দেবে।
প্রথম এলএনজি টার্মিনাল নির্মাণের ব্যাপারে ইতিমধ্যে পেট্রোবাংলা ও যুক্তরাষ্ট্রভিত্তিক একসিলারেট এনার্জি লিমিটেডের মধ্যে চুক্তি হয়েছে।