ভারতের পাঁচ হাজার টন চাল আশুগঞ্জ হয়ে ত্রিপুরায় যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরায় নিয়ে যাওয়ার জন্য কলকাতার ডায়মন্ড হারবার বন্দর থেকে পাঁচ হাজার টন চাল নিয়ে ছেড়ে আসা চারটি কার্গো জাহাজ গতকাল রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করেছে। আজ সোমবার সকাল থেকে কাভার্ড ভ্যানের মাধ্যমে আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব চাল ত্রিপুরার আগরতলায় পরিবহন শুরু হবে।
এর আগে গত আগস্ট মাসে একই পথে আরও পাঁচ হাজার টন চাল ত্রিপুরায় নেওয়া হয়।
আশুগঞ্জ নৌবন্দর সূত্র জানায়, ১৯৭২ সালে ভারত-বাংলাদেশ সরকারের মধ্যে নৌ-প্রটোকল চুক্তি হয়। ওই চুক্তির আওতায় বিনাশুল্কে বাংলাদেশের ৪০০ কিলোমিটার জলপথ, ৫০ কিলোমিটার সড়কপথ, আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে ১০ হাজার টন খাদ্যপণ্য ত্রিপুরায় নিয়ে যাওয়ার অনুমতি দেয় বাংলাদেশ সরকার। পণ্য পরিবহনের কাজটি দেওয়া হয় গালফ ওরিয়েন্ট সিওয়েজ নামে দেশীয় এক পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানটির মাধ্যমে আগস্ট মাসে প্রথম চালান ত্রিপুরায় পাঠানো হয়। বাকি পাঁচ হাজার টন চাল নিয়ে চারটি কার্গো জাহাজ ৬ অক্টোবর কলকাতার ডায়মন্ড হারবার পোর্ট থেকে আশুগঞ্জ নৌবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। জাহাজ চারটি বাংলাদেশ জলসীমানায় প্রবেশ করে ১৩ অক্টোবর।
এসব চাল পরিবহনে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের কার্গো জাহাজ ও ট্রাক। ইতিমধ্যে এসব চাল খালাস করতে আশুগঞ্জ নৌবন্দরে সব প্রস্তুতি শেষ করেছে বিআইডব্লিওটিএ।
গালফ ওরিয়েন্ট সিওয়েজের সার্ভেয়ার এস কে মাকসুদ হোসাইন বলেন, ‘জাহাজ চারটি একযোগে বেলা তিনটা ৫ মিনিটে আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে। রাত থেকে পণ্য নামানো (আনলোড) শুরু হবে। আগামীকাল (সোমবার) থেকে শুরু হবে পরিবহন।’ এই পাঁচ হাজার টন চাল পরিবহন করতে ১২ থেকে ১৫ দিন লাগতে পারে বলে জানান তিনি।