ভারতের পুঁজিবাজারে ১০টি লেনদেন সন্ত্রাসে অর্থায়ন সন্দেহে চিহ্নিত
ভারতের শেয়ারবাজারে ১০টি সন্দেহজনক লেনদেন চিহ্নিত করা হয়েছে, যেগুলো সন্ত্রাসে অর্থায়নের কাজে ব্যবহূত হয়ে থাকতে পারে। ২০০৯ সাল থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত লেনদেন চিহ্নিত করা হয়।সন্দেহজনক হিসেবে চিহ্নিত হওয়ার পর অবশ্য এগুলোর বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চালানোর জন্য কাজ করা হচ্ছে।গত শুক্রবার ভারতের লোকসভায় এসব তথ্য জানানো হয়। ভারতের কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী নামো নারান মিনা লিখিতভাবে লোকসভাকে জানান, এ সন্দেহজনক লেনদেনের অনেকগুলোই মুদ্রা পাচারের সঙ্গে সম্পৃক্ত।ভারতের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ-আইএনডি) পুঁজিবাজারের বিভিন্ন মধ্যবর্তী প্রতিষ্ঠানের কাছ থেকে সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন পেয়েছে। এগুলোর মধ্যে ২০০৯-১০ অর্থবছরে পাঁচটি, পরের বছর চারটি ও চলতি বছর একটি প্রতিবেদন দাখিল করা হয়।ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) নির্দেশনা অনুসরণ করে ব্যাংক ও অন্যান্য আর্থিক মধ্যবর্তী প্রতিষ্ঠানকে গ্রাহকদের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত থাকতে হয়। উল্লেখ্য, এফএটিএফ হলো বিভিন্ন দেশের সরকারের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশ এর সদস্য। এই সংস্থা বিভিন্ন দেশে মুদ্রা পাচার ও সন্ত্রাসী অর্থায়ন কার্যক্রম প্রতিরোধে বিভিন্ন কৌশল ও আর্থিক লেনদেনের মানদণ্ড নির্ধারণ করে থাকে।আবার ভারতীয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) নিবন্ধিত বিভিন্ন মধ্যবর্তী প্রতিষ্ঠানের জন্য ‘আপনার গ্রাহককে জানুন’ (কেওয়াইসি) নির্দেশনা পরিপালন বাধ্যতামূলক করেছে। মধ্যবর্তী প্রতিষ্ঠান বলতে মিউচুয়াল ফান্ড, স্টক ব্রোকার ও ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) ইত্যাদিকে বোঝানো হয়ে থাকে।সেবির নির্দেশনা অনুসারে এসব প্রতিষ্ঠানের গ্রাহকদের অবশ্যই কেওয়াইসি নির্দেশনা পরিপালন করতে হয়।ভারতে অর্থ পরিশোধকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও জুয়া খেলার প্রতিষ্ঠানগুলোর জন্য যেভাবে সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন এফআইইউ-আইএনডির কাছে দাখিল করতে হয়, পুঁজিবাজারের মধ্যবর্তী প্রতিষ্ঠানগুলোকেও সেভাবে এই প্রতিবেদন দাখিল করতে হয়।লোকসভায় নামো মিনা আরও জানান, পুঁজিবাজারে কালো টাকা বা সন্ত্রাসী কার্যক্রমের অর্থ প্রবেশ রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য পুঁজিবাজারের লেনদেনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। আর যাবতীয় লেনদেন অবশ্যই ব্যাংকব্যবস্থার মাধ্যমে শেষ করতে হবে।২০০৭ সালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ণ আশঙ্কা প্রকাশ করেন যে, সন্ত্রাসী কার্যক্রমের অর্থ বা তহবিল ভারতের পুঁজিবাজারে সন্দেহজনক হিসাবের মাধ্যমে ঢুকছে ও বের হচ্ছে। ওই সময় অবশ্য অর্থ মন্ত্রণালয় এই আশঙ্কা নাকচ করেছিল। সূত্র: দ্য হিন্দু বিজনেস লাইন।