ভারতের প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পৃক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত তার অর্থনৈতিক উন্নয়নযাত্রায় বাংলাদেশকে শরিক করতে চায়। কেননা, ভারত বিশ্বাস করে, তার প্রবৃদ্ধি ও সমৃদ্ধি দক্ষিণ
এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পৃক্ত।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন গতকাল বৃহস্পতিবার গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে ভারতীয় হাইকমিশন ও ইন্দো-বাংলা চেম্বার কর্তৃক যৌথভাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ প্রচার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশে সরাসরি সম্প্রচার উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পঙ্কজ সরন আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী ভারতকে বৈশ্বিক শিল্প-উৎপাদনের কেন্দ্রে পরিণত করার যে আহ্বান জানিয়েছেন, তা একই সঙ্গে ভারত ও দক্ষিণ এশিয়ার সমৃদ্ধিরও আহ্বান।
পঙ্কজ বাংলাদেশকে ভারতে বিদ্যুৎ খাতে বিনিয়োগের পরামর্শ দেন। তিনি বলেন, উত্তর-পূর্ব রাজ্যগুলোয় বাংলাদেশ সরকার জলবিদ্যুৎ উৎপাদনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
অনুষ্ঠানে প্রাণ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী বলেন, ভারত তাদের রপ্তানি ও ব্যবসার সবচেয়ে বড় গন্তব্যগুলোর একটি এবং তারা ভারতে খাদ্য ও প্লাস্টিক পণ্যের বাজার ধরতে বিনিয়োগ করেছেন। তিনি বলেন, তাঁরা প্রতিযোগিতা করেই ভারতে ব্যবসা করছেন।
নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ বলেন, ব্যবসার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্বাস, যার কথা ভারতীয় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন।
রাজশাহী: রাজশাহীতেও নরেন্দ্র মোদির ভাষণ প্রদর্শন করা হয়েছে। রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনারের উদ্যোগে দুপুরে নগরের হোটেল নাইস ইন্টারন্যাশনালের সম্মেলনকক্ষে নয়াদিল্লির বিজ্ঞান ভবনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। রাজশাহীতে নিযুক্ত সহকারী হাইকমিশনার সন্দ্বীপ মিত্রের আমন্ত্রণে এই অনুষ্ঠান সরাসরি দেখতে হাজির হন রাজশাহীর ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।