ভারতের বাজারে এবার আসছে ব্যাটারিচালিত বাইসাইকেল
ভারতে এবার বাইসাইকেল চালকদের জন্য সুখবর বয়ে নিয়ে এসেছে টিআই সাইকেলস। কারণ, স্থানীয় এই বাইসাইকেল নির্মাতা কোম্পানি ব্যাটারিচালিত নতুন ধরনের একটি বাইসাইকেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।‘পেডিলেক’ নামের নতুন বাইসাইকেলটি ভারতের বাজারে ছাড়া হবে আগামী এপ্রিলে। এটির দাম পড়বে সাত হাজার ৫০০ টাকা থেকে ১২ হাজার টাকার মধ্যে। নতুন এ বাইসাইকেল ব্যাটারিতে একটানা অন্তত ৩০ কিলোমিটার পর্যন্ত চলবে। এরপর আবার ব্যাটারি চার্জ করলেই একইভাবে আবার ৩০ কিলোমিটার চলবে। তবে বাইসাইকেলটিতে প্যাডল চালানোর ব্যবস্থাও থাকবে।টিআই সাইকেলসের চেয়ারম্যান রঘুরাম কলকাতায় বলেছেন, যানবাহনের দূষণ এবং পেট্রল ও ডিজেলের দাম বেড়ে যাওয়ার পরিস্থিতিতে মানুষের ক্রয়-ক্ষমতার কথা বিবেচনা করে তাঁরা নতুন বাইসাইকেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।রঘুরাম আরও জানান, একেকবার ব্যাটারি চার্জ করলে এই সাইকেল একটানা ২৫ থেকে ৩০ কিলোমিটার চলবে। তবে সাইকেলের এই ব্যাটারি চার্জ হতে সময় নেবে ছয় থেকে সাত ঘণ্টা। ফলে স্বল্প দূরত্বের রাস্তায় এই সাইকেল সাধারণ মানুষের যথেষ্ট উপকারে আসবে। তবে এই সাইকেলটি সাধারণ বাইসাইকেলের তুলনায় উন্নত এবং মডেলটিও আকর্ষণীয় হবে বলে তিনি উল্লেখ করেন।