ভারতের বাজারে ঢুকতে উচ্চপর্যায়ে রাজনৈতিক সমঝোতার তাগিদ দিয়েছে মেট্রো চেম্বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালের জুলাই থেকে দক্ষিণ এশীয় মুক্তবাণিজ্য চুক্তি (সাফটা) কার্যকর হলেও নানা অশুল্ক বাধার কারণে ভারতের বাজারে বাংলাদেশি পণ্য উল্লেখযোগ্য হারে ঢুকতে পারছে না।এ কথা উল্লেখ করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক করে শুল্ক ও অশুল্ক বাধাগুলো চিহ্নিত করার এবং উচ্চপর্যায়ের রাজনৈতিক সমঝোতার তাগিদ দিয়েছে। এমসিসিআই মনে করে, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে বাণিজ্য সমঝোতায় দরকষাকষি করতে জানাটা খুব জরুরি। এ জন্য দরকার মুক্তবাণিজ্য চুক্তির কৌশলগুলো রপ্ত করা। তা করতে বাংলাদেশকে কূটনৈতিকভাবে এগোতে হবে। শ্রীলঙ্কা, থাইল্যান্ডসহ অন্য অনেক দেশ দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তির মাধ্যমে ভারতের বাজারে ঢুকেছে। ব্যর্থতার পরিচয় দিচ্ছে শুধু বাংলাদেশ।গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এমসিসিআইয়ের পক্ষ থেকে এসব বক্তব্য তুলে ধরা হয়।এমসিসিআইয়ের সভাপতি এম আনিসউদ্দৌলার নেতৃত্বে এতে নির্বাহী কমিটির সদস্য সৈয়দ তারিক মোহাম্মদ আলী, মামুন রশীদ, আমজাদ খান চৌধুরী, নিহাদ কবীর, গোলাম মইনুদ্দিন, উপদেষ্টা সি কে হায়দার, মহাসচিব ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রত্যুত্তরে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন। ভারত ৪৬০টি পণ্য স্পর্শকাতর তালিকায় রেখেছে। আমাদের চাওয়া ২৩২টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার। এ ব্যাপারে চুক্তিও হতে পারে।’বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের আরও জানান, ‘অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার নিয়ে এমসিসিআই বেশ কিছু পরামর্শ দিয়েছে। সেগুলো বাস্তবায়নে সচেষ্ট থাকব।’ তিনি বলেন, গত এক বছরে বাজারমূল্য সহনশীল অবস্থাতেই ছিল। বিশ্বমন্দার পরও মানুষকে খুব বেশি দুর্বিষহ জীবনযাপন করতে হয়নি।বাণিজ্যমন্ত্রী আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যে একটি সয়াবিন তেল পরিশোধনকারী কোম্পানির সঙ্গে চুক্তি হবে। তারা ৭১ টাকা কেজি দরে সরকারের কাছে সয়াবিন তেল বিক্রি করবে। আর আগামী সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি দল নেপাল যাচ্ছে। ওই দেশ থেকে ১৫ হাজার টন মসুর ডাল আমদানি নিশ্চিত।জানা গেছে, বৈঠকে এমসিসিআই বলেছে, রপ্তানিনীতির দুটি অংশ রয়েছে। রপ্তানিনীতি ও রপ্তানি উন্নয়ন কৌশল। দুর্ভাগ্যজনক যে রপ্তানি উন্নয়ন কৌশল বাস্তবায়নে দেশে কোনো নিয়ন্ত্রক বা তদারককারী সংস্থা নেই। এ জন্য ‘ব্যবসায় উন্নয়ন কাউন্সিল’ নামের একটি সংস্থা গঠন দরকার বলে মনে করে এমসিসিআই।জেনেভায় অনুষ্ঠিত বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সপ্তম মন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে কী শিক্ষা অর্জিত হলো বা আগামী মার্চে অনুষ্ঠেয় বৈঠকের ব্যাপারে স্বল্পোন্নত (এলডিসি) দেশের নেতৃত্বস্থানীয় দেশ হিসেবে প্রস্তুতিটাই বা কী—এ ব্যাপারে স্পষ্ট কোনো অবস্থান নেই বলে মনে করে এমসিসিআই।এমসিসিআই ডব্লিউটিও সেলকে আরও শক্তিশালী ও বাণিজ্য সম্পর্কিত সব সংস্থার প্রয়োজনীয় তথ্য এক জায়গা থেকে পাওয়ার ব্যবস্থা করার ওপর জোর দিয়েছে। এ ব্যাপারে সরকারকে সহযোগিতার কথাও বলেছে।বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে যথাসময়ে পণ্যের চাহিদার সঙ্গে সরবরাহের সমন্বয় ঘটানোর পরামর্শ দিয়েছে এমসিসিআই। লিখিত বক্তব্যে সংগঠনটি বলেছে, ‘আমরা যেহেতু স্বনির্ভর নই, তাই পণ্যমূল্য নিয়ন্ত্রণ করার দরকার নেই। আমদানি মূল্যই বরং পণ্যের খুচরামূল্য নির্ধারণ করবে। আমদানি মূল্যের চেয়ে কম মূল্য নির্ধারণ করে দিয়ে বাজারে কার্যকর মূল্য পরিস্থিতি বজায় রাখা সম্ভব নয়।’এমসিসিআইয়ের মতে, যেসব নিত্যপণ্যের স্থানীয় সরবরাহ ভালো অর্থাত্ আমদানি করতে হয় না, সেগুলোর ক্ষেত্রে মূল্য যোগসাজশকারীদের চিহ্নিত করা উচিত। এ জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের মূল্য তদারক সেলকে (প্রাইস মনিটরিং সেল) শক্তিশালী করতে হবে। অর্থাত্ এই সেল যাতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সঙ্গে যৌথভাবে পণ্যের চাহিদা-সরবরাহের সমন্বয় বজায় রাখতে পারে। সময়মতো সরবরাহ বাড়ানোই হলো পণ্যমূল্য স্থিতিশীল রাখার অন্যতম হাতিয়ার।টিসিবিকে লিমিটেড কোম্পানিতে পরিণত করার পরামর্শ দিয়ে এমসিসিআই বলেছে, পণ্যের যৌক্তিক মূল্যের ব্যাপারে টিসিবির ভূমিকা রাখার সুযোগ রয়েছে। প্রয়োজনে টিসিবির পরিচালনা পর্ষদে বেসরকারি পর্যায়ের ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করা যেতে পারে। এতে সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি ও স্বচ্ছতা বজায় রাখতে সরকারের জন্য সহায়ক হবে।ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি বিষয় অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছে এমসিসিআই। এগুলো হচ্ছে—ভোক্তা সংরক্ষণ কাউন্সিলে বেসরকারি খাতের অন্তর্ভুক্তি, আইনকে ধাপে ধাপে বাস্তবায়ন করা অর্থাত্ প্রাথমিক পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে সীমিত রাখা এবং প্রশাসনিক হয়রানি এড়াতে সংবেদনশীল মজুত, কৃত্রিম সংকট ইত্যাদি শব্দের ব্যাখ্যা দেওয়া। সরকার এখনো বিষয়গুলো বিবেচনায় নেয়নি।জরুরি ভিত্তিতে বিদ্যমান ১৯৯৪ সালের কোম্পানি আইন সংশোধনের দরকার বলে মনে করে এমসিসিআই।