ভারতের বাণিজ্য মেলায় বাংলাদেশি স্টলে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারতীয় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের স্টলগুলোতে ক্রেতাদের ভিড় পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে আরএফএল ও প্রাণের দ্রব্যসামগ্রীর প্রতি মেলায় আগত দর্শক-ক্রেতাদের বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে। মেলায় আরএফএল অবশ্য তাদের পণ্যসামগ্রী প্রদর্শন করছে, বিক্রি করছে না। খবর বাসসের।
এই মেলা শুরু হয়েছে ১৪ নভেম্বর থেকে। শেষ হবে ২৭ নভেম্বর। মেলায় বাংলাদেশের স্টল আছে ২২টি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) একটি কার্যালয়ও রয়েছে মেলায়। নয়াদিল্লিতে নবনিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী গতকাল মেলায় বাংলাদেশের স্টলগুলো পরিদর্শন করেন। তিনি মেলায় আগত বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ শোনেন এবং ভবিষ্যতে বাংলাদেশের স্টলগুলোকে কীভাবে আরও আকর্ষণীয় করা যায় সে ব্যাপারে মতামত গ্রহণ করেন।
এবারের মেলাতেও বাংলাদেশের স্টলগুলোয় শাড়ি হলো বিশেষ আকর্ষণ। ভারতীয় মহিলাদের বাংলাদেশের জামদানি এবং মিরপুরের কাতান ও বেনারসির প্রতি আগ্রহ দেখা যাচ্ছে। তবে শিল্পজাত বিভিন্ন পণ্য দেখা যাচ্ছে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে পরিষ্কার উত্তর পাওয়া যায়নি। তবে তাঁরা শিল্প উদ্যোক্তাদের মেলায় আসার ব্যাপারে অনাগ্রহের কথা বলেছেন।
অবশ্য বাংলাদেশের বেশির ভাগ স্টল মালিকই বলেছেন, বেচাকেনা ভালো হচ্ছে।