ভারতের বাধায় আটকে গেল বাণিজ্য সহজীকরণ চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য সহজীকরণ (ট্রেড ফ্যাসিলিটেশন) বিষয়ে যে বৈশ্বিক চুক্তি অনুমোদন হওয়ার কথা ছিল, ভারতের প্রবল আপত্তিতে তা আটকে গেছে। জেনেভায় গত ৩১ জুলাই বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সাধারণ পরিষদের বৈঠকটি তাই কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে।
ভারতের দাবি, আগে খাদ্যনিরাপত্তার বিষয়ে একটি স্থায়ী সমঝোতায় আসতে হবে। তাহলে বাণিজ্য সহজীকরণের বিষয়ে চুক্তি করতে কোনো বাধা থাকবে না।
বাণিজ্য সহজীকরণ বলতে মোটাদাগে বোঝায়, বিভিন্ন দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রমে কাগজপত্র-দলিলাদি কমিয়ে ইলেকট্রনিক পদ্ধতিতে দ্রুত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা যেন বন্দরে পণ্য খালাস কম খরচে দ্রুত সম্পন্ন করা যায়। এ বছর ৩১ জুলাইয়ের মধ্যে এসংক্রান্ত প্রটোকল অনুমোদন এবং আগামী বছর এই চুক্তি কার্যকর হলে বিশ্ব অর্থনীতিতে আগামী ১০ বছরে এক লাখ কোটি ডলারের সমপরিমাণ কর্মকাণ্ড যোগ হবে, আর দুই কোটি ১০ লাখ কর্মসংস্থান হবে।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালিতে সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অনেক দর-কষাকষি করে সদস্য দেশগুলো শেষ পর্যন্ত একটা সমঝোতায় এসেছিল। বাণিজ্য সহজীকরণ, কৃষি ভর্তুকি ও স্বল্পোন্নত দেশগুলোর বিষয় নিয়ে বালি ঘোষণা অনুমোদন করা হয়। ওই সম্মেলনেও ভারতের দাবি ছিল খাদ্যনিরাপত্তার ও কৃষি ভর্তুকি বিষয়ে একটি স্থায়ী সমাধান।
ডব্লিউটিওর বর্তমান বিধান অনুসারে, কোনো দেশ মোট খাদ্য উৎপাদনের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিতে পারে। তবে তা হবে ১৯৮৬-৮৮ সময়কালের বাজারদরের ভিত্তিতে। ভারত চায় বর্তমান মূল্যস্ফীতির হার সমন্বয় করার নিয়ম যুক্ত করে বিধানটি সংশোধন করা হোক। কেননা, বিশ্ববাজারে খাদ্যের দাম ১৯৮৬-৮৮ সময়কালের তুলনায় বর্তমানে (২০১৩-১৪ সময়কালে) কয়েক গুণ বেশি। কাজেই ২৪ বছর আগের দাম ধরে হিসাব করলে বর্তমান ভর্তুকির পরিমাণ এর অনুমোদিত সীমা ছাড়িয়ে যাবে।
ভারত কৃষকদের কাছ থেকে ন্যূনতম সমর্থন মূল্যে চাল ও গম কিনে খাদ্য মজুত গড়ে তুলছে। এই মজুত থেকে গরিব মানুষকে সস্তায় খাদ্য বিতরণ করা হবে।
শেষ পর্যন্ত বালি ঘোষণায় চার বছরের অন্তর্বর্তীকালীন সময় প্রদান করে বলা হয় যে ভারতসহ উন্নয়নশীল দেশগুলো খাদ্য মজুত গড়ে তোলার ক্ষেত্রে কৃষি ভর্তুকির সীমা অতিক্রম করলেও তা ডব্লিউটিও বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার আওতায় আসবে না।
কিন্তু আট মাসের মাথায় যখন ডব্লিউটিওর সাধারণ পরিষদ বাণিজ্য সহজীকরণ চুক্তি অনুমোদন করে তা বৈশ্বিক আইনে রূপ দেওয়ার কাজটি একেবারে শেষ পর্যায়ে নিয়ে এসেছে, তখন ভারত ভেটো দিয়ে বসল।
নয়াদিল্লিতে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক প্রভাস রঞ্জন ই-মেইলে প্রথম আলোকে জানান, বাণিজ্য সহজীকরণ চুক্তিকে ধরে দর-কষাকষি করে উন্নত বিশ্বের কাছ থেকে সুবিধা আদায়ের চেষ্টাও অযৌক্তিক কিছু নয়। তবে ভারতের উচিত ছিল সেবা খাতের বাণিজ্যে সুবিধা আদায়ে কিংবা অশুল্ক বাধা অপসারণে উন্নত দেশগুলোকে বাধ্য করার ক্ষেত্রে এই দর-কষাকষি করা, খাদ্যনিরাপত্তা নিয়ে নয়।
প্রভাস মনে করেন, ভারত যেভাবে খাদ্যনিরাপত্তার ব্যবস্থা করতে চাচ্ছে, তা ঠিক নয়। কেননা, বাজার থেকে উচ্চ মূল্যে খাদ্যশস্য কেনা হবে, যা বড় কৃষককে সুবিধা দেবে আর খাদ্যের মূল্যস্ফীতি বাড়াবে। এরপর সেই খাদ্য ভর্তুকি মূল্যে রেশন দোকানের মাধ্যমে বিক্রি করা হবে, যা শুধু অদক্ষই নয়, দুর্নীতিপ্রবণও। এর বদলে ভোক্তাকে নগদ অর্থ হস্তান্তর করা হলে অধিক ফলপ্রসূ হতো, আর তা ডব্লিউটিওর বিধানের সঙ্গেও সঙ্গতিপূর্ণ হতো।
ভারতের অবস্থান বহুপক্ষীয় বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় এক বিরাট আঘাত উল্লেখ করে প্রভাস বলেন, একটি দুর্বল বহুপক্ষীয় বিশ্ব বাণিজ্য ব্যবস্থা ভারতসহ উন্নয়নশীল দেশগুলোর জন্য সুফল বয়ে আনবে না।
ভারতের এই অবস্থানে বেশির ভাগ দেশই অসন্তুষ্ট হয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তারা বলছে, বালি ঘোষণা মেনে নিয়েই আলোচনা অগ্রসর হচ্ছিল। আর তাই বাণিজ্য সহজীকরণের বিষয়ে আগে চুক্তি হবে, এটাই প্রত্যাশিত। কৃষি ভর্তুকি পুনর্বিন্যাস বা খাদ্য মজুতের বিষয়ে ২০১৭ সাল পর্যন্ত চার বছরের অন্তর্বর্তীকালীন সময়সীমা নির্ধারণ করা আছেই।
ভারতের যুক্তি, বালি ঘোষণা সকল বিষয় নিয়ে একত্রে সিদ্ধান্ত গ্রহণ করার (সিঙ্গেলে আন্ডারটেকিং) নীতিতে বিবেচ্য এবং কোনো একটি বিষয়ে মতৈক্য না হওয়া পর্যন্ত বাকিগুলো মতৈক্য হলেও কোনো কিছুই মতৈক্য বিবেচিত হবে না (নাথিং অ্যাগ্রিড আনটিল এভরিথিং অ্যাগ্রিড)। আর তাই বাণিজ্য সহজীকরণ নিয়ে চুক্তি করতে গেলে খাদ্য মজুতের বিষয়টিও আনতে হবে। ভারতের অবস্থানকে কিউবা ও ভেনেজুয়েলা সমর্থন দিয়েছে।
জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ভারত যদিও বালি ঘোষণায় সম্মতি দিয়েছিল, তবু সেই ঘোষণায় খাদ্যনিরাপত্তা বিষয়ে করণীয়গুলো কিছুটা অস্পষ্ট ছিল। এবার তাই ভারত সেগুলো স্পষ্ট করে নিজের দাবি আদায়ের জন্য বাণিজ্য সহজীকরণ চুক্তিকে আটকে দিয়েছে। এর ফলে ডব্লিউটিও তথা বহুপক্ষীয় বিশ্ব বাণিজ্য ব্যবস্থার অগ্রগতি অনিশ্চয়তার মধ্যে পড়ল। বিশেষ করে দোহা আলোচনা পর্ব শেষ করার যে প্রত্যাশা বালিতে তৈরি হয়েছিল, তাও থমকে গেল।
মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশসহ এলডিসিগুলোর জন্য দুই ধরনের প্রভাব পড়বে। প্রথমত, জনশক্তি রপ্তানিসহ সেবা খাতের বাণিজ্যে উন্নত দেশগুলো থেকে যেসব সুবিধা পাওয়ার সুযোগ ছিল, তা সংকুচিত হবে। ধনী দেশগুলো হয়তো বলবে যে বাণিজ্য সহজীকরণ চুক্তি না হওয়া পর্যন্ত সেবা খাতে তেমন কোনো প্রতিশ্রুতি তারা দেবে না।