ভারতের রেল বাজেটে খাদ্যপণ্য পরিবহনের ভাড়া কমানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাল, গম ও মসুর ডালসহ খাদ্যপণ্য পরিবহনের ভাড়া কমিয়ে ভারতের ২০১০-১১ অর্থবছরের জাতীয় রেল বাজেট ঘোষণা করা হয়েছে।দেশজুড়ে খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার সরকারি উদ্যোগের সমর্থনে খাদ্যপণ্য পরিবহনে এ ছাড় দেওয়া হয়। কারণ, ভারতে এখন মূল্যস্ফীতির হার প্রায় ১১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বুধবার ভারতীয় পার্লামেন্ট লোকসভায় আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়া নতুন অর্থবছরের এ বাজেট ঘোষণা করেন।এশিয়ার সবচেয়ে পুরোনো রেলওয়ে নেটওয়ার্কের দেশ ভারতে এবার পণ্য পরিবহনের ভাড়া ওয়াগনপ্রতি বর্তমান দুই দশমিক দুই ডলার থেকে ১০০ রুপি করে কমানো হয়েছে। পাশাপাশি অধিকাংশ ক্ষেত্রেই যাত্রী পরিবহনের ভাড়াও অপরিবর্তিত রেখেছে ভারতের কেন্দ্রীয় সরকার।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সাধারণ জনগণকে এখন উচ্চ মূল্যস্ফীতি বিশেষ করে খাদ্যপণ্যের বেশি দামের চাপ মোকাবিলা করতে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি তাঁদের দুর্ভোগের কথা বুঝি। সে জন্য আমাদের উদ্বেগ রয়েছে বলে রেল বাজেটে আমরা এই ক্ষুদ্র পদক্ষেপ নিয়েছি।’ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় আগামীকাল শুক্রবার ২০১০-১১ অর্থবছরের যে জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছেন সেটির সঙ্গে সঙ্গতি রেখেই রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মূল্যস্ফীতি মোকাবিলার বিষয়ে জোর দিয়েছেন। কারণ, দেশটি বর্তমানে উচ্চ মূল্যস্ফীতির চাপে রয়েছে এবং যা আরও বাড়ার আশঙ্কা করছে সরকারও।রেল বাজেট ঘোষণাকালে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর মন্ত্রণালয় দুটি কৌশল অনুসরণ করে চলবে। প্রথমত. সর্বোচ্চ মানের প্রযুক্তির ব্যবহার করা হবে। দ্বিতীয়ত. নিরাপদ চলাচল ও নিরাপত্তার জন্য রূপকল্প ২০২০ বাস্তবায়নের লক্ষ্যে দক্ষ মানবসম্পদ নিয়োগ করা। সূত্র: ব্লুমবার্গ ও ক্যালকাটা নিউজ ডটকম।