ভারতের রেল বাজেটে ভাড়া বাড়েনি, ৬৭টি নতুন এক্সপ্রেস ট্রেন
ভারতে কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) সরকার শেষ বছরে এসে কেন্দ্রীয় রেল বাজেটে ভাড়া বাড়ায়নি। তবে পরোক্ষভাবে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে কিছু চার্জ বা মাশুল বাড়ানো হয়েছে।ইউপিএ সরকারের প্রধান শরিক কংগ্রেস দলীয় রেলমন্ত্রী পবন কুমার বনসল গতকাল মঙ্গলবার ভারতীয় সংসদ লোকসভায় ২০১৩-১৪ অর্থবছরের এ বাজেট ঘোষণা করেন।এতে লোকাল ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি। তবে রেলের খরচ পুষিয়ে নেওয়ার কথা বলে দূরপাল্লার শীতাতপনিয়ন্ত্রিত ট্রেন, সুপার ফাস্ট ট্রেন ও তৎকাল ট্রেনের রিজার্ভেশন বা অগ্রিম আসন সংরক্ষণ ও তা বাতিলের চার্জ বা মাশুল বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।এই বাজেটে নতুন ৬৭টি এক্সপ্রেস ও ২৬টি যাত্রীবাহী ট্রেন, আটটি ডিজেল-ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ও পাঁচটি মেইন লাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (মেমু) চালু, ২২টি রেললাইন নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এতে মুম্বাই ও কলকাতার শহরতলিতে চলাচলের জন্য যথাক্রমে ৭২টি ও ১৮টি নতুন ট্রেন চালুর প্রস্তাব রয়েছে।কেন্দ্রীয় রেলমন্ত্রী কিছু ট্রেনে যাত্রীদের বিনা মূল্যে ওয়াই-ফাই সুবিধা প্রদান এবং রেলওয়েতে ই-টিকেটিং পদ্ধতি চালুর প্রস্তাব করেছেন। পবন কুমার বনসল সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) পরিচালিত রুট বা পথগুলোতে এক লাখ কোটি রুপি বিনিয়োগের প্রস্তাব দেন। এ ছাড়া দুর্ঘটনার হার প্রতি ১০ লাখ কিলোমিটারে শূন্য দশমিক ৪১ থেকে শূন্য দশমিক ১৩-এ নামিয়ে আনার কথা বলেন তিনি।এবারের বাজেটে যাত্রী পরিবহনের মাধ্যমে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার কোটি রুপি। এদিকে বিশ্লেষকেরা মনে করেন, রেলমন্ত্রী বাজেটে আপাতত ভাড়া বাড়ানোর প্রস্তাব না দিলেও পরবর্তী সময়ে তা করার সুযোগ রেখেছেন। যেমন ১০ বছর ধরে ভারতে লোকাল ট্রেনের ভাড়া না বাড়লেও এ বছরের ২২ জানুয়ারি দূরপাল্লার ট্রেনের পাশাপাশি এটিরও ভাড়া বাড়ানো হয়েছে।এটি হচ্ছে ক্ষমতাসীন ইউপিএ জোটের সর্বশেষ রেল বাজেট। কারণ, আগামী বছর ভারতীয় সংসদ লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।দীর্ঘ ১৭ বছর পর কংগ্রেসদলীয় রেলমন্ত্রী এবারে রেল বাজেট পেশ করলেন। বাজেট বক্তৃতায় পবন কুমার বনসল বলেন, এবারের রেল বাজেটে ভাড়া বৃদ্ধির প্রস্তাব নেই।