অঙ্গীকারনামা দিয়েও ৫০ লাখ ডলার পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি
ভারতের লিলিপুট কিডসের প্রতারণার শিকার দেশীয় ২২ পোশাক কারখানা
বাংলাদেশের ২২টি তৈরি পোশাক কারখানা থেকে গত বছরের সেপ্টেম্বরে ৫০ লাখ ডলার বা ৪০ কোটি টাকার পণ্য আমদানি করে ভারতের লিলিপুট কিডসওয়্যার লিমিটেড। সেগুলো ভারতের খুচরা ক্রেতারদের কাছে বিক্রি করে ব্যবসাও করেছে প্রতিষ্ঠানটি। তবে দেরিতে জাহাজীকরণের অজুহাতে বাংলাদেশের ব্যবসায়ীদের পাওনা পরিশোধ করেনি লিলিপুট কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের পাওনা বুঝিয়ে দিতে গত জুলাই মাসে ভারতে দুই দেশের সরকারি পর্যায়ে একটি বৈঠক হয়। এতে লিলিপুট কয়েক কিস্তিতে পাওনা পরিশোধের লিখিত অঙ্গীকারনামা দেয়। তার পরও কোনো অর্থ পরিশোধ করেনি তারা।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, লিলিপুট সরাসরি তাঁদের সঙ্গে প্রতারণা করেছে। তাঁরা বলেন, লিলিপুটকে পোশাক সরবরাহকারী কারখানার মালিকদের সবাই ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে টাকা আটকা থাকায় প্রতি মাসে লাখ লাখ টাকা ব্যাংককে সুদ দিতে হচ্ছে। এ কারণে অনেকের ব্যবসাই এখন বন্ধের মুখে।জানা যায়, ২০১০ সালে নয়াদিল্লিভিত্তিক লিলিপুট সর্বপ্রথম বাংলাদেশের ব্যবসায়ীদের পোশাক তৈরির কাজ দেয়। সেবার কাজের পাঁচ কোটি টাকা সময়মতোই পরিশোধ করে প্রতিষ্ঠানটি। পরের বছরের মার্চ-এপ্রিলে ২২টি প্রতিষ্ঠানকে প্রায় ৫০ লাখ মার্কিন ডলারের পোশাকের কার্যাদেশ দেয় লিলিপুট। ব্যাক টু ব্যাক ঋণপত্র খুলে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে পোশাক তৈরি শুরু করে কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠানগুলো। তারপর পোশাক প্রস্তুত হয়ে গেলে আগস্ট-সেপ্টেম্বর মাসে বেনাপোল দিয়ে ভারতে পাঠানো হয়। এ ক্ষেত্রে কয়েকটি প্রতিষ্ঠান জাহাজীকরণের (পণ্য পাঠানোর) সর্বশেষ তারিখ মানতে পারেনি। জানা যায়, বন্দরে পৌঁছালে সময়মতো পণ্য খালাস করে নিয়ে নেয় লিলিপুট। তবে কারখানা মালিকদের টাকা পরিশোধ নিয়ে টালবাহানা শুরু করে প্রতিষ্ঠানটি। বিভিন্ন অজুহাত দেখায়। সময়মতো পণ্য না পাঠানোর অভিযোগ তুলে। অবশ্য লিলিপুটের সন্দেহজনক আচরণের কারণে বেনাপোল বন্দর কর্তৃপক্ষের সহায়তায় ব্যবসায়ীরা ১৫ লাখ ডলারের পণ্য আটকে দেন। এ বিষয়ে অন্যতম রপ্তানিকারক পানসি নিটের চেয়ারম্যান জামাল আহমেদ বলেন, ‘লিলিপুট আমাদের সঙ্গে প্রতারণা করবে বলে আগেই পরিকল্পনা করেছিল। আমরা সময়মতো পোশাক প্রস্তুত করে বসে ছিলাম। তাদের কর্মকর্তারা দেরি করে ইন্সপেকশনে আসেন। আসলে শিপমেন্ট দেরি করাতেই এমনটা করা হয়েছিল।’ জামাল লিলিপুটের কাছে দুই লাখ ৭৭ হাজার ডলার পাবেন বলে জানান। বিষয়টি নিষ্পত্তি করতে গত ১০ জুলাই ভারতের নয়াদিল্লিতে ডিপার্টমেন্ট অব কমার্সে (ডিওসি) উভয় পক্ষকে নিয়ে একটি বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন ডিওসির পরিচালক ইন্দিরা মৈত্রী। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, লিলিপুটের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব নেরুলা ২৫ জুলাই থেকে আগামী জানুয়ারি পর্যন্ত ছয় কিস্তিতে অর্থ পরিশোধে সম্মত হন। ক্ষতিগ্রস্ত জেমিনি গার্মেন্টসের মালিক ফজলুর রহমান বলেন, ‘বৈঠকের সিদ্ধান্তের পর এক টাকাও পরিশোধ করেনি লিলিপুট। এদিকে ব্যাংকগুলো আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। আমরা এলসি খুলতে পারছি না। বরং ব্যাক টু ব্যাক এলসিতে ব্যাংক থেকে অর্থ নেওয়ায় সেটি এখন ফোর্সড লোন হয়ে গেছে। প্রতি মাসে আমাকে ১২ থেকে ১৩ লাখ টাকা সুদ গুনতে হচ্ছে।’এদিকে গতকাল রোববার সকালে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত মালিকেরা বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে বিজিএমইএর সভাপতি জানান, আলোচনা ইতিবাচক হয়েছে। হাইকমিশনার তাঁর দিক থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। তিনি বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা করবেন বলেও জানিয়েছেন।