ভারতের শিল্প খাতে গত এক দশকের সর্বোচ্চ প্রবৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের শিল্প খাতে গত ডিসেম্বর মাসে আগের বছরের একই মাসের তুলনায় উত্পাদন বেড়েছে ১৬ দশমিক ৮ শতাংশ, যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি। শুধু তাই নয়, এটি হচ্ছে গত এক দশকেরও বেশি সময়ে দেশটির শিল্প খাতে সর্বোচ্চ প্রবৃদ্ধি।বৈশ্বিক অর্থনীতিতে মন্দার পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের দিকে ভারতে শিল্প খাতের উত্পাদনে ভাটা পড়ে। সরকার আর্থিক পুনরুদ্ধার প্যাকেজ নেওয়ার ফলে শিল্প খাতে প্রত্যাশার চেয়ে বেশি প্রবৃদ্ধি হচ্ছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক বৈশ্বিক অর্থনীতিতে সংকটের প্রেক্ষাপটে ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ১২ হাজার ৫০০ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে।আগামী ৩১ মার্চে সমাপ্য চলতি ২০০৯-১০ অর্থবছরে দেশটির জিডিপিতে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি আশা করা হচ্ছে। অল্প কিছুদিন আগেও জিডিপিতে ছয় থেকে সাড়ে সাত শতাংশ হতে পারে বলে প্রাক্কলন করা হয়। অবশ্য ২০০৯ সালের জুলাই-সেপ্টেম্বর তিন মাসে দেশটির জিডিপিতে প্রবৃদ্ধি হয় ৭ দশমিক ৯ শতাংশ। আগের অর্থবছরে ভারতের জিডিপিতে প্রবৃদ্ধি হয় ৬ দশমিক ৭ শতাংশ। জিডিপিতে প্রবৃদ্ধি বাড়ার পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় সরকার তথা ব্যাংক প্রণোদনা কর্মসূচি প্রত্যাহার করার পাশাপাশি সুদের হারও ফের বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।বার্কলেস ক্যাপিটালের বিশ্লেষক রাহুল বাজোরিয়া বলেন, ২৬ ফেব্রুয়ারি ঘোষিতব্য জাতীয় বাজেটে সরকারের পুনরুদ্ধার কর্মসূচিতে পরিবর্তনের আশঙ্কা রয়েছে। উত্পাদন খাতের জন্য এর আগে দেওয়া শুল্ক ছাড়ের সুবিধা এবার নাও দেখা যেতে পারে। সূত্র: বিবিসি