ভারতের শিল্প প্রবৃদ্ধি কমেছে
শিল্প খাতে ভারতের উৎপাদন গত সেপ্টেম্বর মাসে কমে গেছে। আগস্ট মাসে পাঁচ দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধি থেকে কমে সেপ্টেম্বরে তা দাঁড়িয়েছে চার দশমিক চার শতাংশ। মূলধনীয় পণ্যের প্রবৃদ্ধি কমে যাওয়ায় দেশটিতে শিল্প উৎপাদনের প্রবৃদ্ধি কমে গেছে বলে ধারণা করা হচ্ছে। শিল্প খাতে ভারতের প্রাক্কলিত প্রবৃদ্ধি ছিল সাত শতাংশ।ভারতের মোট দেশজ উৎপাদন (জিডিপি) চলতি বছরের শেষ নাগাদ আট দশমিক পাঁচ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি আরও জানিয়েছেন, ২০১১-১২ সালে দেশটির মোট দেশজ উত্পাদন নয় ছাড়িয়ে যাবে।তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় শিল্প খাতের প্রবৃদ্ধি কমে যাওয়াতে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘শিল্প খাতে প্রবৃদ্ধি কমে যাওয়া চিন্তার কারণ।’অক্টোবরে শিল্প খাতে এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীনের প্রবৃদ্ধি ছিল ১৩ শতাংশ। ভারতে শিল্প কারখানায় উৎপাদিত পণ্য, খনিজ সম্পদের উত্পাদন কমে গেছে বলে ভারতের অর্থদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে। বিবিসি অনলাইন।