কটন ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
ভারতের শুল্ক ও কোটামুক্ত সুবিধা কাজে লাগছে না
পণ্য রপ্তানিতে ভারতের দেওয়া শুল্ক ও কোটামুক্ত সুবিধা বাংলাদেশের ব্যবসায়ীরা কাজে লাগাতে পারছেন না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ জন্য স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে বিভিন্ন পণ্য আমদানির ওপর ভারত সরকারের আরোপ করা ১২ শতাংশ কাউন্টারভেলিং ডিউটি (সিভিডি) বা ভর্তুকিবিরুদ্ধ শুল্ককে দায়ী করেন তিনি।
রাজধানীর র্যা ডিসন হোটেলে গতকাল শনিবার সকালে দিনব্যাপী বাংলাদেশ ইন্ডিয়া কটন ফেস্ট-২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ), বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ ও ইন্ডিয়ান কটন অ্যাসোসিয়েশন সম্মিলিতভাবে প্রথমবারের মতো এই কটন ফেস্টের আয়োজক।
তোফায়েল আহমেদ বলেন, ‘তামাক ও মাদক বাদে প্রায় সব পণ্য রপ্তানিতে ভারত আমাদের শুল্ক ও কোটামুক্ত সুবিধা দিচ্ছে। এটি সত্য। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন আমাদের রপ্তানি বাড়ছে না? কারণ ভারত ১২ শতাংশ কাউন্টারভেলিং ডিউটি আরোপ করে রেখেছে।’ বিষয়টি নিয়ে ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সে দেশে বৈঠক করেছেন বলেও জানান তিনি।
অবশ্য বক্তব্যের একপর্যায়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারত-বাংলাদেশের বাণিজ্য ঘাটতি নিয়ে আমি মোটেই চিন্তিত নই। চীন থেকে আমরা বছরে প্রায় ৭০০ কোটি ডলারের পণ্য আমদানি করি। তার বিপরীতে আমাদের রপ্তানি মাত্র ৭৯ কোটি ডলার। ভারত থেকে আমরা প্রায় ৬০০ কোটি ডলারের পণ্য আমদানি করলেও রপ্তানি করি ৬০ কোটি ডলারের কম পণ্য। তবে যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি ৬০০ কোটি ডলারের পণ্য, তবে আমদানি করি মাত্র ১০০ কোটি ডলারের মতো। তাই কোনো দেশে আমদানি বা রপ্তানি কম-বেশি হতেই পারে। এটাই স্বাভাবিক।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা। বাংলাদেশকে শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেওয়ার ভারতের সিদ্ধান্তকে যুগান্তকারী বলে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে মন্দা থাকলেও বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ছে। গত অর্থবছর দুই দেশের বাণিজ্যে ১৫ শতাংশ প্রবৃদ্ধি থাকলেও চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সেটি বেড়ে হয়েছে ২২ শতাংশ। তিনি বলেন, দুই দেশের বাণিজ্য নকশায় তুলা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানির ২২ দশমিক ৫ শতাংশ হচ্ছে তুলা।
বিটিএমএর সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী বলেন, ‘গত বছর ৬১ লাখ বেলের মধ্যে ২৯ লাখ বেল তুলাই ভারত থেকে আমদানি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত থেকে তুলা আমদানি ব্যাপক হারে বাড়ছে। কারণ তুলার মান, সরবরাহ ব্যবস্থায় উন্নতি ও লিড টাইম কম। আমি আশা করি, তুলা আমদানি দুই দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীর মধ্যে লাভজনকভাবে বজায় থাকবে।’
তপন চৌধুরী বলেন, সুতা তৈরির কারখানার জন্য নির্দিষ্ট সময়ে আমদানি করা তুলা পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ। তবে অনেক সময় বিদেশি সরবরাহকারীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, পরিমাণে কম কিংবা ভিন্ন ভিন্ন মানের দেয়। আবার রপ্তানির ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। এসব সমস্যা দুই দেশের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সম্ভব।
ইন্ডিয়ান কটন অ্যাসোসিয়েশনের সভাপতি মহেশ সারদা বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ভারত থেকে তুলা আমদানি করছে। দ্বিপক্ষীয় সম্পর্ক ও লাভজনক হওয়ায় ভারত থেকে তুলা আমদানি করে বাংলাদেশ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিসিএর সভাপতি বাদশা মিয়া, বিটিএমএর সহসভাপতি ফজলুল হক।
কটন ফেস্টের নয়টি অধিবেশনে বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা। এতে ভারতের তুলা উৎপাদক, ব্যবসায়ী ও তাদের এজেন্টরা এবং দেশের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তবে অধিবেশনগুলোতে বাংলাদেশের সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না। উদ্বোধনী অনুষ্ঠানের আগে জানতে চাইলে বাদশা মিয়া প্রথম আলোকে, ভারত থেকে তুলা আমদানিতে যেসব সমস্যা হয় সেসব সমাধান তুলে ধরার বিষয়ে আলোচনা হবে।