
ভারতে ডলারের বিপরীতে রুপির দরপতন অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার রেকর্ড পতন হয়ে প্রতি মার্কিন ডলারের দর দাঁড়িয়েছে ৬৬ দশমিক শূন্য ৭ রুপি। গত সোমবার এই দর ছিল ৬৪ দশমিক ৪৮ রুপি।
গতকাল পতনের মধ্য দিয়ে চলতি বছর রুপি প্রায় ১৬ শতাংশ দর খোয়াল। এর আগে রুপির সর্বোচ্চ পতন হয়েছিল এ মাসের ২২ তারিখ। তখন এক ডলারের বিপরীতে দর উঠেছিল ৬৫ দশমিক ৫৬ রুপি।
রুপির বড় দরপতনের নেতিবাচক প্রভাবে ধস নেমেছে ভারতের শেয়ারবাজারে। মুম্বাই স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক সেনসেক্স এক দিনেই ৫৯০ পয়েন্ট পড়ে গেছে। অর্থাত্ এক দিনের ব্যবধানে সেনসেক্সের পতন হয়েছে ৩ দশমিক ১৮ শতাংশ। লোকসভায় খাদ্য নিরাপত্তা বিল অনুমোদন হওয়ার একটা বড় প্রভাব রয়েছে রুপির দরপতনে। কেননা, এই বিল অনুসারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে খাদ্যে ভর্তুকি বাড়াতে হবে, বাড়াতে হবে আমদানি। এতে চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতি আরও বেড়ে যাওয়ার আগাম আশঙ্কায় রুপির দরপতন ঘটেছে।
রুপির অব্যাহত দরপতনে ভারতের শেয়ারবাজারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও দ্রুত মুনাফা স্থানান্তর করার দিকে ঝুঁকেছে। গতকাল তাদের দিক থেকেই বড় ধরনের বিক্রির চাপ থাকায় সেনসেক্সের ধস প্রত্যক্ষ করেছে ভারতীয়রা।
এদিকে অর্থবাজারের এই অবস্থার কারণে রুপির দাম আরও কমতে পারে বলে আগাম আশঙ্কার কথা গত সপ্তাহেই বলেছিল জার্মানির ডয়েশ ব্যাংক। তারা আশঙ্কা প্রকাশ করেছে, এক মাসের মধ্যে রুপির দাম প্রতি ডলার ৭০ রুপি উঠতে পারে।
এদিকে গতকাল ভারতে সোনার মূল্য বেড়ে গেছে। প্রতি ১০-গ্রাম সোনার মূল্য গতকাল দাঁড়িয়েছে ৩২ হাজার রুপি। গত সোমবার এই মূল্য ছিল ৩০ হাজার ৯৮৫ রুপি।