ভারতের শেয়ারবাজারে মূল্যসূচক ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে
ভারতের প্রধান শেয়ারবাজার বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) মূল্যসূচক বেড়ে গতকাল বৃহস্পতিবার ১৫ মাসের ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়েছে।এর মধ্যে বিএসইর সূচক ১ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৫৮ পয়েন্টে উন্নীত হয়েছে, যা ২০১১ সালের ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ। একই দিনে দেশটির ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক শূন্য দশমিক ৯৮ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৭৮৭ দশমিক ৬০ পয়েন্টে উঠেছে, যা ওই বছরের ২৭ এপ্রিলের পর সর্বোচ্চ।ভারতের কেন্দ্রীয় সরকার বিমা ও পেনশন খাতের সংস্কারে নতুন বিল অনুমোদন করতে যাচ্ছে, এমন সম্ভাবনায় দেশটির শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। মন্ত্রিসভা শিগগিরই বিলটি অনুমোদন করার কথা। এতে বিমা খাতে সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) পরিমাণ বাড়ানো এবং পেনশন খাত বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা বলা আছে।এদিকে মন্ত্রিসভায় অনুমোদন পেলেও বিলটি আদৌ পার্লামেন্টে পাস হবে কি না, তা নিয়ে সন্দেহ পোষণ করেন কোনো কোনো বিশ্লেষক।গতকাল বিশেষ করে, আইসিআইসিআই ও রিলায়েন্স ক্যাপিটালের মতো আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামই বেশি বেড়েছে। দিন শেষে রিলায়েন্সের শেয়ারের দাম বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ। এ নিয়ে সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত কোম্পানিটির শেয়ারের দাম ৪১ দশমিক ৫ শতাংশ বেড়েছে।পেনশন ফান্ড ইউনিটের দামও বেড়েছে। এর মধ্যে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার শেয়ারের দাম ২ দশমিক ১২ শতাংশ ও আইসিসিআই ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে।তেল কোম্পানিগুলোর শেয়ারের দামও এদিন বেড়েছে। হিন্দুস্তান পেট্রোলিয়াম ও ভারত পেট্রোলিয়ামের শেয়ারের দাম যথাক্রমে ৩ দশমিক ২ শতাংশ ও ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে।বেড়েছে সিমেন্ট কোম্পানিগুলোর শেয়ারের দামও। এ ক্ষেত্রে এসিসি ও অ্যাম্বুজা সিমেন্টের শেয়ারের দাম যথাক্রমে ১ দশমিক ১৫ শতাংশ ও ১ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। সূত্র: রয়টার্স।