
প্রতিবেশী ভারতের সঙ্গে সংযোগকারী অবকাঠামোসমূহ উন্নয়নের উদ্যোগ জোরদার করা হচ্ছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিসংক্রান্ত আন্তমন্ত্রণালয়ের এক বৈঠকে এ বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিচ্ছিন্ন থাকার যুগ নেই, সুযোগও নেই। কারণ, এটা বিশ্বায়ন ও উদারীকরণের যুগ। নিজের স্বার্থেই বাংলাদেশকে ট্রানজিট-করিডর দিতে হবে বা প্রতিবেশীর সঙ্গে পারস্পরিক সংযোগ-সম্পৃক্ততা বাড়াতে হাবে।
অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, নৌমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুজিবুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, অর্থসচিব ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন, বাণিজ্যসচিব মাহবুব আহমেদ ও সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।
‘ট্রানজিট-করিডর নিয়ে আমাদের এক ধরনের মানসিকতা (মাইন্ড সেট) আছে এবং সময় এসেছে তা পরিত্যাগ করার’ মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা যদি আমাদের দরজা বন্ধ করে দিই, অন্য দরজা দিয়ে কেউ জায়গা করে নেবে। কেউ কারও জন্য বসে থাকবে না। এর মানে এই নয় যে বিনা স্বার্থে আমরা দরজা খুলে দেব। এটা একান্তই স্বার্থসম্পর্কিত বিষয়।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দিয়েছে ভারত। এ ক্ষেত্রে কিছু কিছু বাধা রয়েছে। সেগুলো দূর করে সাফল্যের সঙ্গে আমরা যাতে ভারতের দেওয়া সুযোগ কাজে লাগাতে পারি, সে জন্যই আন্তমন্ত্রণালয়ের এই বৈঠক।’

বাণিজ্যমন্ত্রী বলেন, এক নম্বর কথা হলো প্রতিবেশীর সঙ্গে পারস্পরিক যোগাযোগ বাড়ানো। এটি না হলে বাংলাদেশ নিজেই সমস্যায় পড়বে। তিনি বলেন, ‘আমরা যদি ট্রানজিট না দিই, তাহলে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যের (সেভেন সিস্টার) সঙ্গে যোগাযোগের বিকল্প পথ ভারত সরকার নিজেই তৈরি করে নেবে। সুতরাং ট্রানজিটের ব্যাপারে আমাদের মন স্থির করতে হবে এবং সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে এগোতে হবে।’
ভারত বসে নেই, চীনও বসে নেই—এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশের সঙ্গে তারা মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করছে। আমাদেরও তা করতে হবে। আমরা চেষ্টা করছি। যেমন চিলি ২০১৫ সাল থেকে শুল্কমুক্ত পণ্য রপ্তানি সুবিধা দেবে। একই সুবিধার জন্য আলোচনা চলছে রাশিয়ার সঙ্গেও।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের মূলধনি যন্ত্রপাতি, যানবাহনসহ অনেক পণ্য ভারত থেকে আসে। মূল্যায়ন করে দেখেছি, বিশ্বের যেকোনো দেশের তুলনায় ভারত থেকে পণ্য আমদানিই আমাদের জন্য সস্তা।’
বৈঠকে সড়ক, রেল ও নৌপথ নিয়ে আলোচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে উপস্থাপিত কার্যপত্রে বলা হয়, বাংলাদেশের পঞ্চগড় ও পশ্চিমবঙ্গের দার্জিলিং সড়কপথে যুক্ত। বাংলাবান্ধা-ফুলবাড়ী শুল্ক স্টেশন দিয়ে নেপাল ও ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি হলেও এখানে ইমিগ্রেশন চেকপোস্ট নেই।

বাণিজ্যমন্ত্রী বলেন, এখানে চেকপোস্ট চালু হবে। কাজ এগিয়ে নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুড়িমারী-চেংড়াবান্ধা স্থলবন্দরে বাংলাদেশ অংশে অবকাঠামো ভালো থাকলেও ভারতীয় অংশে ভালো নয়। নাকুগাঁও-ঢালু স্থলবন্দরে বাংলাদেশ অংশে কাজ প্রায় শেষ। অথচ, ভারত শুরুই করেনি। ভারতকে এ ব্যাপারে অনুরোধ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, তামাবিল-ডাউকি স্থলবন্দরে তামাবিল অংশে অবকাঠামো নির্মাণের ব্যাপারে কাজ এগিয়ে নিয়ে যাবে নৌপরিবহন মন্ত্রণালয়।
এ ছাড়া ভারতের ফুলবাড়ীতে বিদ্যমান রেলপথের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করা, আখাউড়া-আগরতলা রেলসংযোগের কাজ দ্রুত শেষ করা, আগরতলা-রামগড় রেল যোগাযোগের জন্য আলোচনা শুরু করা, রেলপথ-সম্পর্কিত ২০১০ সালে বাংলাদেশ-ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে নেওয়া সিদ্ধান্ত কার্যকর করা এবং রোহনপুর-সিনবাদ ও রাধিকাপুর-বিরল রেলসংযোগ কার্যকর করার দায়িত্ব যৌথভাবে পালন করবে রেলপথ ও সড়ক বিভাগ।
বাংলাদেশ-ভারত নৌ-প্রটোকলে আসাম/মেঘালয় এবং বাংলাদেশের মধ্যে ব্রহ্মপুত্র নদে যাচাই-বাছাইপূর্বক আরও পোর্ট-অব-কল স্থাপন করা, দ্রুত ঢাকা-গুয়াহাটি বিমান যোগাযোগ চালু করা, সীমান্ত হাট স্থাপনে ভারতের প্রস্তাব দ্রুত নিষ্পত্তি করা, গুয়াহাটি ও চেন্নাইয়ে বাংলাদেশের উপহাইকমিশন চালু ও আগরতলা ভিসা অফিসকে সহ-হাইকমিশনে রূপান্তর করা, উপকূলীয় শিপিং চালু করা, নয়াদিল্লি মিশনের কমার্শিয়াল উইংয়ে জনবল বাড়ানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, গতকালের বৈঠকের সব আলোচনারই অগ্রগতি হবে বাংলাদেশ-ভারতের যুগ্ম সচিব পর্যায়ের যৌথ কার্যদলের বৈঠকে। আগামী সপ্তাহে ঢাকায় বসছে এ বৈঠক।