ভারতের সঙ্গে উপকূল ঘেঁষে জাহাজ চলাচল অনিশ্চিত

ভারতের সঙ্গে উপকূল ঘেঁষে জাহাজ চলাচল শুরুর প্রক্রিয়া আটকে গেছে। ভারতের আপত্তির কারণে খসড়া চুক্তিটি চূড়ান্ত করা যাচ্ছে না। ভারত চায়, আন্তর্জাতিক মানের জাহাজ ও রুট বা পথ ব্যবস্থাপনা। এমনকি প্রথম শ্রেণীর ক্যাপ্টেন দিয়ে জাহাজ পরিচালনার শর্ত দিয়েছে ভারত।
নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের যুগ্ম সচিব পর্যায়ের বৈঠকে খসড়া চুক্তি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের চুক্তির খসড়াটি উপস্থাপন করা হলে ভারতীয় প্রতিনিধিরা বেশ কিছু ‘পয়েন্টে’ আপত্তি জানান। আন্তর্জাতিক মানদণ্ড কিছুটা শিথিল করে এই খসড়া তৈরি করা হয়েছে। অপেক্ষাকৃত ছোট আকারের জাহাজ দিয়ে রুট বা পথ পরিচালনা করার কথা বলা হয়েছে খসড়ায়। এতে জাহাজের কাঠামোর পুরুত্ব (বডি) কমপক্ষে ছয় মিলিমিটার পুরু হতে হবে। কিন্তু আপত্তি জানিয়ে ভারতের পক্ষ থেকে বলা হয়, জাহাজের পুরুত্ব কমপক্ষে আট মিলিমিটার হতে হবে। আর প্রথম শ্রেণীর ক্যাপ্টেন দিয়ে জাহাজ পরিচালনা করতে হবে। সর্বোপরি জাহাজ চলাচল ব্যবস্থাপনা হতে হবে আন্তর্জাতিক মানদণ্ড মেনে।
সূত্র আরও জানায়, বাংলাদেশে যেসব জাহাজ এই উপকূল ঘেঁষে চলবে, তার বেশির ভাগের কাঠামোর পুরুত্ব ছয় মিলিমিটার। তাই ভারতের শর্ত মেনে এই চুক্তি হলে খুব লাভবান হবেন না বাংলাদেশের জাহাজের মালিকেরা। আর বাংলাদেশের বেশির ভাগ জাহাজ প্রথম শ্রেণীর ক্যাপ্টেন দিয়ে পরিচালিত হয় না। প্রথম শ্রেণীর ক্যাপ্টেনদের বেতন-ভাতা অনেক বেশি দিতে হয়।
মূলত সহজে ও কম সময়ে পণ্য আনা-নেওয়ার জন্যই উপকূল ঘেঁষে বিকল্প পথে জাহাজ চলাচলের ধারণাটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। শুরুতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচালনা বেশ কষ্টসাধ্য বলে মনে করছেন নৌ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
নৌ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, উপকূলীয় জাহাজ পরিচালনায় ভারত যেসব শর্ত দিয়েছে, তা মানা এই মুহূর্তে বাংলাদেশের পক্ষে সম্ভব হচ্ছে না। তাদের শর্ত পূরণ করতে বাংলাদেশের কিছু সময় লাগবে। এ ছাড়া খসড়া চুক্তি চূড়ান্ত করে জাহাজ চলাচল শুরু করতে বেশ সময় লাগবে।
নৌ মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানান, চুক্তি ও প্রটোকলসমূহ স্বাক্ষর করতে বেশ সময় লাগবে। তাই সরকারের এই মেয়াদে এ পথে জাহাজ চলাচল শুরু করা সম্ভব হবে না।
জানা গেছে, কিছুদিন আগে চুক্তির খসড়াটির কারিগরি দিক বিশ্লেষণ করে চূড়ান্ত করতে দুই দেশের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠানের আয়োজন করতে অনুরোধ জানানো হলেও ভারত এখনো সাড়া দেয়নি।
চুক্তির খসড়া অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া, ওডিশার পারাদ্বীপ ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তম—তিনটি বন্দর ব্যবহূত হবে। বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরে মালামাল পরিবহন করা হবে।
সরাসরি জাহাজ যোগাযোগ না থাকায় এখন ভারতের কোনো বন্দর থেকে বাংলাদেশে পণ্য আনতে হলে তা শ্রীলঙ্কা, মালয়েশিয়ার পেনাং ও সিঙ্গাপুর হয়ে আসতে হয়। একই পথে বাংলাদেশ থেকে ভারতে পণ্য যায়। একটি চালান আসতে সময় লাগে ১৫ থেকে ২১ দিন।
তবে সরাসরি জাহাজ চলাচল শুরু হলে পশ্চিমবঙ্গের হলদিয়া ও পারাদ্বীপ থেকে চট্টগ্রাম কিংবা মংলা বন্দরে পণ্যবাহী জাহাজ আসতে সময় লাগবে মাত্র ১৬ ঘণ্টা। আর বিশাখাপত্তম থেকে আসতে সময় লাগবে আড়াই থেকে তিন দিন।
কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সূত্রে জানা গেছে, ভারত থেকে বর্তমানে প্রতি টন পণ্য আমদানিতে গড়ে প্রায় এক হাজার ২০০ ডলার ব্যয় হয়। সরাসরি জাহাজ চালানো গেলে এ ব্যয় অন্তত এক-তৃতীয়াংশে নেমে আসবে।
দুই দেশের মধ্যে নৌ প্রটোকলের আওতায় নদীপথে বর্তমানে বাংলাদেশের ৪৭টি ও ভারতের দুটি জাহাজ চলাচল করে। বর্তমানে ‘সি’ শ্রেণীভুক্ত বা আন্তর্জাতিক বন্দরে গমনযোগ্য দেশে ৮০টির বেশি জাহাজ রয়েছে, যার বেশির ভাগই বেসরকারি মালিকানায়।