ভারতের সঙ্গে ঋণচুক্তিকে সমর্থন দিল এফবিসিসিআই
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ বলেছেন, ভারতের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সম্পাদিত হওয়ায় দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এই ঋণ বাংলাদেশের অর্থনীতি ও জনসাধারণের জীবনযাত্রার উন্নয়নে সহায়তা করবে।এ কে আজাদ বলেন, ভারতের সঙ্গে সম্পাদিত ঋণচুক্তিটি অত্যন্ত দক্ষতার সঙ্গে করা হয়েছে। চুক্তির মধ্যে এমন কোনো ধারা নেই, যা দেশের জনগণ ও অর্থনীতির উন্নয়ন ব্যাহত করবে। এই চুক্তিতে অত্যন্ত কম সুদে ঋণ পাওয়া গেছে, যা বাংলাদেশের জন্য একটা মাইলফলক। অত্যন্ত দক্ষতার সঙ্গে চুক্তি করায় তিনি প্রধানমন্ত্রীসহ ঋণচুক্তির প্রক্রিয়ায় জড়িত সবাইকে ধন্যবাদ জানান।গতকাল বুধবার ভারতের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট, ট্রানশিপমেন্ট, ঋণপ্রাপ্তিসংক্রান্ত চুক্তির বিষয়ের ওপর এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সভাপতি এসব কথা বলেন।রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন প্রাইম ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন ইমাম আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক মীর নিজামউদ্দিন আহমেদ, গোলাম মোস্তফা তালুকদার, মো. হেলালউদ্দিন, সিরাজুল হক, মনোয়ারা হাকিম আলী, জালালউদ্দিন আহমেদ ইয়ামীন, হারুন-অর-রশীদ প্রমুখ।এ কে আজাদ বলেন, উন্নয়ন-সহযোগীরা ছাড়া এত কম সুদে কোনো দেশ বা ব্যাংক সরকারকে ঋণ দেয় না। মাত্র ১ দশমিক ৭৫ শতাংশ হারে সুদ ধার্য করা হয়েছে। একই সঙ্গে পাঁচ বছর গ্রেস পিরিয়ডসহ ঋণের মেয়াদ ২৫ বছর।এ কে আজাদ আরও বলেন, ভারত এখনো আমদানিনির্ভর দেশ। ফলে ১১৫ কোটি লোকের দেশ ভারতে পণ্য রপ্তানির প্রচুর সুযোগ রয়েছে।এক প্রশ্নের জবাবে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ভারতকে ট্রানজিট ও বন্দর ব্যবহারের সুযোগ দিলে বাংলাদেশি পণ্যের বাজার হারানোর কোনো সুযোগ নেই। কারণ ভারতের যেসব জায়গায় শিল্প কারখানা রয়েছে, সেসব জায়গায় পণ্য প্রস্তুত করে উত্তর-পূর্ব ভারতে নেওয়া হলে দাম অনেক বেশি হবে। ফলে প্রতিযোগিতা করে বাংলাদেশি পণ্য বাজার ধরতে পারবে।এফবিসিসিআইয়ের সভাপতি আরও বলেন, বাণিজ্য-ঘাটতি দূর করতে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে রমজানের মধ্যে বৈঠক করা হবে। এরপর বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি বাণিজ্য প্রতিনিধিদল ভারতে যাবে। আর ভারতের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। দুই দেশের মধ্যে বাণিজ্য প্রতিনিধি আদান-প্রদান ও আলোচনার মাধ্যমে বাণিজ্য-বাধাগুলো অপসারণ করা হবে।ইমাম আনোয়ার বলেন, ভারতকে ট্রানজিট দেওয়ার পাশাপাশি চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুযোগ দেওয়া হলেও কেবল সেবা খাত থেকেই প্রতিবছর এক হাজার কোটি ডলার আয় হবে।