ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত সেমিনার
ভারতের সঙ্গে নৌপথে বাণিজ্য বাড়ছে

বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌপথে বাণিজ্য বাড়ছে। এ পথে ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারণে অবকাঠামো তৈরি করতে হবে। এ ছাড়া দুই দেশের মধ্যে উপকূলীয় নৌ-চলাচল শুরু হওয়ায় পণ্য পরিবহনের সময় ৭ থেকে ১০ দিন নেমে এসেছে। এতে পরিবহন ব্যয় সাশ্রয় হচ্ছে।
গতকাল বুধবার ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (আইবিসিসিআই) আয়োজনে দুই দেশের মধ্যে নৌপথে যোগাযোগ বৃদ্ধি-বিষয়ক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সোনারগাঁও হোটেলে এ সেমিনার হয়।
সেমিনারে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) যোগাযোগব্যবস্থা চালু হলে এ অঞ্চলে বাণিজ্য বাড়বে। পণ্যবাহী যানবাহন তখন সরাসরি যাতায়াত করার সুযোগ পাবে। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের নৌ-যোগাযোগ শক্তিশালী হলে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধি পাবে।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা জানান, আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা এবং আশুগঞ্জ অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল নির্মাণে ভারত বিনিয়োগ করছে। ভারতের ২০০ কোটি ডলারের ঋণের (লাইন অব ক্রেডিট) আওতায় এ দুটি প্রকল্প বাস্তবায়িত হবে। তবে এ দুটি প্রকল্প দ্রুত বাস্তবায়নের জমিপ্রাপ্তির ওপর নির্ভর করছে। আশুগঞ্জে জমি ঠিকাদারকে বুঝিয়ে দেওয়ার পর দুই বছরের মধ্যে এ অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল নির্মাণ করা সম্ভব হবে। তিনি মনে করেন, আশুগঞ্জ অভ্যন্তরীণ কনটেইনার বন্দর নির্মাণ না হওয়া পর্যন্ত পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার বন্দরকে পোর্ট অব কল হিসেবে ব্যবহার করা যেতে পারে।
হর্ষবর্ধন শ্রিংলা আরও বলেন, ২০০১-০২ অর্থবছর থেকে এ পর্যন্ত পণ্য পরিবহনের পরিমাণ ২০ গুণ বেড়েছে। আর ৯৯ শতাংশ পণ্যই বাংলাদেশি জাহাজে পরিবহন করা হয়। তিনি জানান, অভ্যন্তরীণ নৌ-পরিবহন ও ট্রানজিট প্রটোকলের পথ দিয়ে নাবিকদের চলাচল সহজ করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশি জাহাজের নাবিক ও ক্রুরা কোনো ভিসা ছাড়াই সমুদ্রতীরে ৭২ ঘণ্টা কাটাতে পারবেন। নৌপথে পণ্য সহজে চলাচলের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছে ভারত।
ভারতীয় হাইকমিশনার বলেন, উপকূলীয় নৌ-চলাচল চুক্তির ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। আগে জাহাজে করে পণ্য নিতে ৩০ থেকে ৪০ দিন সময় লাগত। এখন তা কমে দাঁড়িয়েছে ৭ থেকে ১০ দিন। এতে উভয় দেশের ব্যবসায়ীদের সাশ্রয়ী মূল্যে পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হয়েছে। এটি সড়কপথে পণ্যজট কমিয়ে আনতে সহায়তা করবে।
আইবিসিসিআইয়ের সভাপতি তাসকিন আহমেদ বলেন, নৌ-প্রটোকলের আওতায় ব্যবসা-বাণিজ্য ক্রমেই বাড়ছে। ২০০৬-০৭ অর্থবছরে এ প্রটোকলের আওতায় ৯ লাখ টন পণ্য পরিবহন করা হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে তা বেড়ে ১৯ লাখ টন হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত তারিক আহমেদ করিম, ভারতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের উত্তর-পূর্ব কাউন্সিলের চেয়ারম্যান রঞ্জিত বারঠাকুর, বাংলাদেশ কার্গো ভেসেল মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ প্রমুখ।