ভারতের সঙ্গে নৌপথে যাত্রী পরিবহন চুক্তির চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপথে ভারত থেকে পণ্য আসে বাংলাদেশে, বাংলাদেশ থেকে যায়-ও সে দেশে। এ ব্যাপারে ভারতের সঙ্গে একটি চুক্তি রয়েছে বলেই তা সম্ভব হচ্ছে। কিন্তু নৌপথে সাধারণ মানুষ আসা-যাওয়া করতে পারে না ভারতে। শুধু আকাশ ও সড়কপথে সেই সুযোগ রয়েছে। বাধা কেবলই নৌপথে। সরকার চাইছে এই বাধা দূর হোক।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নৌপথে যাত্রী পরিবহনের কোনো চুক্তি নেই ভারতের সঙ্গে। পর্যটনশিল্পের বিকাশে এবার তাই সেই চুক্তি করতে হবে।
সচিবালয়ে গতকাল বুধবার পর্যটনবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, নৌমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী বীর বাহাদুর প্রমুখ উপস্থিত ছিলেন।
২০১৬ সালে পর্যটন বর্ষ এবং ২০১৮-১৯ অর্থবছরে পর্যটন উৎসব পালন করার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, পর্যটনশিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা।
মুহিত বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। সেই কারণে পর্যটনশিল্পের বিকাশে নৌপথে বিশেষ প্যাকেজ হাতে নেওয়া যায়। এতে পর্যটকদের আগমন বাড়বে বাংলাদেশে।
পর্যটনশিল্পের বিকাশে ভারতের সঙ্গে নৌপথে যাত্রী পরিবহনের চুক্তির পাশাপাশি দেশের রাস্তাঘাটের উন্নয়ন, পুলিশি নিরাপত্তাব্যবস্থা জোরদার, প্রয়োজনীয় জায়গায় পর্যবেক্ষণ টাওয়ার তৈরি করা হবে বলে জানান আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুর থেকে একটি আন্তর্জাতিক নৌপথ বিভিন্ন জায়গায় গিয়েছে। আমরা চেষ্টা করব ওই পথে ঢুকে যাওয়ার।’ জানা গেছে, পথটি হবে এ রকম: চেন্নাই-কলকাতা-কুয়াকাটা-মংলা-চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ-সেন্ট মার্টিন-পেনাং-ফুকেট-সিঙ্গাপুর।
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ভারতের সঙ্গে নৌপথে যাত্রী পরিবহনের চুক্তির বিষয়ে মন্ত্রিসভা কমিটি সিদ্ধান্ত দিয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সম্ভাব্য এ চুক্তির বিষয়ে ভারতের মনোভাব জানা যায়নি, অর্থমন্ত্রীও কিছু বলেননি।
গত জুনে অর্থ মন্ত্রণালয় প্রকাশিত পর্যটনশিল্পের উন্নয়ন ও বিকাশ শীর্ষক পুস্তকে বলা হয়েছে, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান ৪ দশমিক ৪ শতাংশ অর্থাৎ ৪৬ হাজার কোটি টাকা। এ খাতে সরাসরি কর্মসংস্থান ১৪ লাখ লোকের। ২০১৩ সালে এ খাতে চার হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে।
যোগাযোগ করলে পর্যটন বিশেষজ্ঞ ও পাক্ষিক মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান। প্রথম আলোকে তিনি বলেন, ট্যুর অপারেটররা দীর্ঘদিন থেকে ভারতের সঙ্গে নৌপথে যাত্রী পরিবহনের চুক্তির বিষয়ে জানিয়ে আসছিলেন। এ চুক্তিটি করা গেলে দেশের পর্যটনশিল্পে ইতিবাচক প্রভাব পড়বে।
কক্সবাজারে বিশেষ পর্যটন অঞ্চল হচ্ছে : এদিকে, গতকালই সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায় কক্সবাজারে একটি বিশেষ পর্যটন অঞ্চল তৈরির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিকবিষয়ক মন্ত্রিসভা কমিটি। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।
সূত্র জানায়, কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং এলাকায় তৈরি হবে এ পর্যটন অঞ্চল। এ জন্য এক হাজার ১৬৫ একর জমির প্রয়োজন। এর মধ্যে ৯৩৭ একর খাসজমিতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ভূমি মন্ত্রণালয় এরই মধ্যে সম্মতি দিয়েছে। এ ছাড়া রয়েছে সমুদ্রসৈকতের ১৩৫ একর বালুচর জমি। এই জমি ব্যবহারের আইনি সম্মতি লাগবে।
জানা গেছে, পর্যটন অঞ্চলের পাশাপাশি কক্সবাজারে মোটেল উপলের জমিতে একটি আন্তর্জাতিকমানের পর্যটন কমপ্লেক্স স্থাপন করা হবে।