ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে কাজ চলছে: শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বাংলাদেশি পণ্যের যে বাজার রয়েছে, তা কাজে লাগিয়ে রপ্তানি আরও বাড়ানো হবে। এ ছাড়া বিষয়টি নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীসহ ওই সব রাজ্যের ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা করা হবে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গতকাল মঙ্গলবার বিকেলে ত্রিপুরার রাজধানী আগরতলায় যাওয়ার আগে আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন। দিলীপ বড়ুয়া জানান, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতে ভিসা ব্যবস্থার আরও সহজ করার ব্যাপারে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। ২০তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে দিলীপ বড়ুয়া এক দিনের সফরে গতকাল মঙ্গলবার আগরতলায় গেছেন। তাঁর সঙ্গে রয়েছেন ভারত-বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল মাতলুব আহমাদ, এফবিসিসিআইয়ের পরিচালক কোহিনূর ইসলাম ও সাখাওয়াত হায়দার। এ ছাড়া শিল্পমন্ত্রীর আখাউড়া সীমান্তে যাওয়ার সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হাইয়ুল কাইয়ুম, পুলিশ সুপার মুখলেছুর রহমান, আখাউড়া উপজেলার চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, পৌর মেয়র মো. নূরুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমদ, স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা ইন্দ্র মোহন দাস, ব্রাহ্মণবাড়িয়া শিল্প ও বণিক সমিতির সদস্য হোসেন আহমেদ ভূঁইয়া, আখাউড়া আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।ব্যবসায়ী নেতাদের সূত্রে জানা গেছে, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, ত্রিপুরা শিল্প ও বণিক সমিতি এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের শিল্প ও বণিক সমিতিগুলোর নেতাদের সঙ্গে বিনিয়োগ-বাণিজ্য বাড়ানোর বিষয়ে বৈঠক করবেন। বাংলাদেশের ব্যবসায়ীরা আরও জানান, ত্রিপুরা সরকারের তরফ থেকে হস্ততাঁত ও হস্তশিল্পসামগ্রী উত্পাদনের জন্য বাংলাদেশকে সেখানে শিল্প স্থাপনের প্রস্তাব দেওয়া হতে পারে। উত্তর-পূর্ব ভারতের গৌহাটি, আইজল, শিলচর, করিমগঞ্জ, ডিমাপুর ও লাম্বডিংয়ে বাংলাদেশের বিভিন্ন পণ্যের বেশ কদর রয়েছে।গত ৩০ জানুয়ারি শুরু হওয়া ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হকসহ সমিতির একটি প্রতিনিধিদল যোগ দেয়। এ মেলায় বাংলাদেশের বিভিন্ন পণ্যের ১২টি স্টল নেওয়া হয়েছে।