ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি হ্রাস নিয়ে আলোচনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরের সঙ্গী হিসেবে ৪৭ সদস্যবিশিষ্ট এক উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল গতকাল রোববার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লি গেছে। চার দিনের সফরকালে প্রতিনিধিদলটি ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে আলোচনা করবে।এ ছাড়া আলোচনায় বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক ও অশুল্ক বাধা অপসারণ, বিদ্যুত্ বিনিময়, ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ সমস্যাবলি, স্থলবন্দরের সুযোগ-সুবিধা সম্প্রসারণ, পণ্যের মান প্রত্যয়ন ও মাননিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ও স্থান পাবে। গতকাল এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে বাণিজ্য প্রতিনিধিদলের সদস্যরা রপ্তানি সম্প্রসারণে অধিকহারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চাইবেন। ব্যবসায়ী নেতারা সাফটা ও অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় যেমন সমুদ্রসীমা নির্ধারণ, পানির অংশীদারি, সীমান্তের সমস্যা ইত্যাদির ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য ভারত সরকার এবং সে দেশের ব্যবসায়ী নেতারাকে আহ্বান জানাবেন। বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদলটি সফরকালে ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই), কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) এবং অ্যাসোসিয়েটেড চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া (অ্যাসোচেম) নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এফবিসিসিআইয়ের সংকলিত তথ্যানুসারে, গত ২০০৮-০৯ অর্থবছরে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে বাংলাদেশের ঘাটতি ২৫৯ কোটি ডলারের ওপরে চলে গেছে। আলোচ্য সময়ে ভারত থেকে ২৮৬ কোটি ৩৬ লাখ ডলারের পণ্য আমদানির বিপরীতে ২৭ কোটি ৬৬ লাখ ডলারের পণ্য করা হয়েছে। অর্থাত্ এ সময়ে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ২৫৮ কোটি ৭০ লাখ ডলার। তার আগের ২০০৭-০৮ অর্থবছরের ভারতে ৩৫ কোটি ৮০ লাখ ডলারের পণ্য রপ্তানির বিপরীতে ৩৩৭ কোটি ৫১ লাখ ডলারের পণ্য আমদানি করা হয়েছিল। অর্থাত্ আলোচ্য সময়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৩০১ কোটি ৬৯ লাখ ডলার। এফবিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত সফরকালে বাংলাদেশ ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ। এ ছাড়া ব্যবসায়ী প্রতিনিধিদলে রয়েছেন এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি আবুল কাশেম আহমেদ, বিজিএমইএর সাবেক সভাপতি সাংসদ টিপু মুন্সী, এফবিসিসিআইয়ের পরিচালক আব্দুল মাতলুব আহমেদ, আব্দুল হাই সরকার ও মো. বজলুর রহমান, বিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাশেম খান, বিকেএমইএ সভাপতি ফজলুল হক। প্রতিনিধিদলে অন্য ব্যক্তিরা হলেন নাগিবুল ইসলাম দিপু, নাজমুল হক, আর মওদুদ খান, আব্দুস সালাম, নজরুল ইসলাম মজুমদার, মোস্তাফা জব্বার, কাইয়ুম রেজা চৌধুরী, আব্দুল মুক্তাদির, আমজাদ খান চৌধুরী, মোহাম্মদ আজিজ খান, মোর্শেদ আলম, লুনা সামসুদ্দোহা, আয়েশা আজিজ খন্দকার, এস এম কামাল উদ্দিন, সাহাব সাত্তার, কে এম এন মঞ্জরুল হক, রিজভি উল কবির, সায়ান এফ রহমান, আহসানুল ইসলাম, মনোয়ার মইন, এস রুমী সাইফুল্লাহ, মাহবুবুর রহমান, কাজী খুররম আহমেদ, ইন্তেখাব মাহমুদ, মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), মো. সিদ্দিকুর রহমান, কে এম জামান (রোমেল), রিয়াজ বিন মাহমুদ (সুমন), আরশাদ জামাল (দিপু), মোহাম্মদ নাসির, বাদল রায়, এম এস শেকিল চৌধুরী ও এফবিসিসিআইয়ের মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ।