ভারতের সঙ্গে ২০০ কোটি ডলারের ঋণচুক্তি

বাংলাদেশকে ২০০ কোটি ডলার দেবে ভারত। এটি ভারতের লাইন অব ক্রেডিট (এলওসি) নামে পরিচিত। এ অর্থ দিয়ে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার কোটি টাকা) বাংলাদেশের অবকাঠামো ও সামাজিক খাতের উন্নয়নে ১৩টি প্রকল্প বাস্তবায়ন করা হবে।
গতকাল বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং ভারতের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব ইন্ডিয়ার (এক্সিম ব্যাংক) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক যাদুবেন্দ্র মাথুর নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন।
ইআরডির সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্রসচিব শহীদুল হক, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা প্রমুখ।
এ ঋণের অন্যতম বড় শর্ত হলো, প্রকল্প বাস্তবায়নে ভারত থেকে ৬৫ থেকে ৭৫ শতাংশ পণ্য ও পরামর্শক সেবা নিতে হবে। এটি ভারতের দ্বিতীয় দফার এলওসি। এর আগে ২০১০ সালে দেওয়া প্রথম এলওসির পরিমাণ ছিল ১০০ কোটি ডলার। পরে ওই ঋণের ২০ কোটি ডলার বাংলাদেশকে মঞ্জুরি হিসেবে দেয় ভারত।
গত বছরের ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে দ্বিতীয় এলওসি নিয়ে সমঝোতা স্মারক সই হয়েছিল।
এবারের চুক্তির যে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে, এর মধ্যে অন্যতম হলো রেলওয়ের পার্বতীপুর-কাউনিয়া পর্যন্ত মিটারগেজ লাইনকে ডাবল গেজে রূপান্তর; খুলনা-দর্শনা ডাবল লাইন নির্মাণ; সৈয়দপুর রেল কারখানার উন্নয়ন; বড়পুকুরিয়া-বগুড়া-কালিয়াকৈর ৪০০ কেভি বিদ্যুৎ লাইন নির্মাণ; বিআরটিসির জন্য ৫০০ ট্রাক ও ৫০০ বাস (৩০০ দ্বিতল ও ২০০ আর্টিকুলেটেড) কেনা; সড়ক ও জনপথ বিভাগের জন্য যন্ত্রপাতি কেনা; চারটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট স্থাপন; ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, আশুগঞ্জ নৌ-কনটেইনার বন্দর স্থাপন এবং আশুগঞ্জ বন্দর-ডারকার-আখাউড়া স্থলবন্দর সড়ক উন্নয়ন এবং কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জে তথ্যপ্রযুক্তি পার্ক নির্মাণ।