ভারতের সব ডাকঘরে ক্ষুদ্র এটিএম বসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ডাক বিভাগ দেশজুড়ে তিন হাজার অটোমেটেড টেলার মেশিন (এটিএম) এবং সব ডাকঘরে এক লাখ ৩৫ হাজার ক্ষুদ্র্র-এটিএম (মাইক্রো-এটিএম) স্থাপনের পরিকল্পনা নিয়েছে। ২০১৫ সালের সেপ্টেম্বরের মধ্যে এই উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
ডাক বিভাগের সচিব পদ্মিনী গোপীনাথ সাংবাদিকদের বলেছেন, এ বছর ৫ ফেব্রুয়ারি নয়াদিল্লি, চেন্নাই ও ব্যাঙ্গালোরে তিনটি এটিএম স্থাপনের মাধ্যমে এই যাত্রা শুরু হবে। তিনি আরও জানান, এক বছরের মধ্যে ‘ইন্ডিয়া পোস্ট’ ব্র্যান্ডিং করা এক হাজার এটিএম স্থাপন ও চালু করা হবে। আর পরবর্তী ১৮ মাসের মধ্যে এই সংখ্যা বেড়ে তিন হাজারে উন্নীত হবে।
ডাকঘরে ২৬ কোটি সঞ্চয়ী হিসাবধারীরা প্রাথমিকভাবে এসব এটিএম ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারবেন। তবে গোপীনাথ আশা করছেন, চালু হওয়ার ছয় মাসের মধ্যে ন্যাশনাল ফাইন্যান্সিয়াল সুইচে যুক্ত হবে ভারতীয় ডাকঘর। ফলে ডাকঘরে হিসাবধারীরা অন্য ব্যাংকের এটিএমে এবং অন্য ব্যাংকের হিসাবধারীরা ডাকঘরের এটিএমে লেনদেন করতে সক্ষম হবে। এ জন্য রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার অনুমতি লাগবে।
ভারতের ডাকঘরে বর্তমানে ছয় লাখ পাঁচ হাজার কোটি রুপি সঞ্চয়ী আমানত আছে, যা কিনা দেশটির বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) আমানতের অর্ধেক। কিন্তু বৃহত্তম বেসরকারি ব্যাংক আইসিআইসিআই ব্যাংকের আমানতের দ্বিগুণেরও বেশি।
বর্তমানে ভারতে এক লাখ ৫৫ হাজার ডাকঘর আছে, যার ৯০ শতাংশই পল্লি এলাকায় অবস্থিত। ডাকঘরে সঞ্চয়ী হিসাবে টাকা রাখার জন্য ৪ শতাংশ হারে সুদ প্রদান করা হয়। সূত্র: ইকোনমিক টাইমস।