ভারতের সাহারা গোষ্ঠীর সঙ্গে সমঝোতা চুক্তি সই
আবাসন খাতে বিনিয়োগের জন্য ভারতের বিখ্যাত শিল্প গ্রুপ ‘সাহারা ইন্ডিয়া পরিবারের’ সঙ্গে সমঝোতা চুক্তি করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল বুধবার সকালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সই করেন সাহারা ইন্ডিয়ার পক্ষে প্রতিষ্ঠানটির কর্ণধার সুব্রত রায় সাহারা ও রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা। চুক্তির আওতায় সাহারা গ্রুপ রাজধানী ঢাকার আশপাশে চারটি উপশহর ও দেশের বিভিন্ন স্থানে আবাসন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কাজ করবে।তবে বাংলাদেশের আবাসন খাতে কী পরিমাণ বিনিয়োগ করা হবে—জানতে চাইলে সুব্রত রায় সাহারা জানান, এটি এখনো নির্ধারণ করা হয়নি। এ ব্যাপারে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আবাসন খাতে বিনিয়োগ প্রস্তাব নিয়ে বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে সুব্রত রায় সাহারার নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটির প্রায় ২০ সদস্যের প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার সকালে সাহারার প্রতিনিধিদলটি বিনিয়োগ বোর্ডের সঙ্গে বৈঠক করবে। বিনিয়োগ বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বৈঠকের সুনির্দিষ্ট কোনো বিষয়বস্তু নির্ধারিত নেই। এদিকে, গতকাল অনুষ্ঠিত সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সবার আবাসন নিশ্চিত করতে বিভিন্নমুখী পদক্ষেপের অংশ হিসেবে সাহারা গ্রুপের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এই চুক্তির আওতায় ভবিষ্যতে নির্ধারণ করা হবে আবাসন খাতে সাহারার কোন কোন প্রকল্প গ্রহণ করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সুব্রত রায় বলেন, ‘এ দেশের মানুষের আবাসনের জন্য কিছু করতে পারলে আমি তৃপ্ত হব। কারণ, এ দেশকে আমার নিজের দেশ মনে হয়। আমার পূর্বপুরুষেরা এ দেশের সন্তান।’বিনিয়োগ প্রস্তাব নিয়ে গত মঙ্গলবার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন সুব্রত রায়। সফরকালে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে বলে সাহারার এ দেশীয় জনসংযোগ অফিসের কর্মকর্তারা জানিয়েছেন।