ভারতের স্বর্ণালংকার ব্যবসায়ীরা পাকিস্তানে রপ্তানি করতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মণিমুক্তা ও স্বর্ণালংকার রপ্তানিকারকেরা পাকিস্তানের সঙ্গে এসব পণ্যের বাণিজ্য করতে আগ্রহী।রপ্তানিকারকেরা বলছেন, পাকিস্তানে মণিমুক্তা ও স্বর্ণালংকার বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করতে তাঁরা ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানিয়েছেন। খবর বিজনেস রেকর্ডার।বর্তমানে ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে পাকিস্তান সরকারের একটি তালিকা (পজেটিভ লিস্ট) আছে। ওই তালিকায় এক হাজার ৯৬৩টি পণ্য ঠাঁই পেলেও তাতে মণিমুক্তা ও স্বর্ণালংকার অন্তর্ভুক্ত নয়। ইন্ডিয়ান জেমন অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের (জিজেইপিসি) চেয়ারম্যান রাজীব জৈন বলেন, ‘স্বর্ণালংকার রপ্তানির বিষয়ে পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে আলোচনা করতে বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি। পাকিস্তানে স্বর্ণালংকার রপ্তানির অমিত সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্য ও দুবাই হয়ে বাণিজ্য করার চেয়ে বরং পাকিস্তানের সঙ্গে আমরা সরাসরি বাণিজ্য করতে পারি।’ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার নেতৃত্বে সম্প্রতি পাকিস্তানে যে প্রতিনিধিদল গিয়েছিল, তার সঙ্গে ছিলেন রাজীব জৈন।প্রসঙ্গত, ২০১০-১১ অর্থবছরে পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ২৭০ কোটি ডলার। ভারতের পক্ষেই বাণিজ্য উদ্বৃত্ত ছিল।