ভারতের স্বীকৃতির অপেক্ষায় ২০ প্যারামিটারের সনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআইয়ের কেমিক্যাল (রাসায়নিক) ও ফিজিক্যাল (পদার্থ) পরীক্ষাগারের দেওয়া ২৫টি পণ্য এবং ১৪৩টি প্যারামিটারের মানসনদ সম্প্রতি ভারতের স্বীকৃতি পেয়েছে। আরও ২০টি প্যারামিটারের পরীক্ষণ সনদ স্বীকৃতি পাওয়ার চূড়ান্ত পর্যায়ে আছে।
বিশ্ব পরিমাপ (মেট্রোলজি) দিবস উপলক্ষে বিএসটিআই আয়োজিত ‘পরিমাপ ও আলো’ শীর্ষক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত মান ভবনে গতকাল বুধবার আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
প্রসঙ্গত, ভারতীয় জাতীয় মান নির্ধারণী সংস্থা ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিবারেশন ল্যাবরেটরিজ (এনএবিএল) এসব প্যারামিটারের স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি বাংলাদেশ-ভারত বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠকে এই স্বীকৃতির বিষয়টি জানানো হয়।
গতকালের আলোচনা সভায় জানানো হয়, ভারতের এই স্বীকৃতির ফলে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি আরও বাড়বে।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন, বিতরণ, সঞ্চালনসহ সব পর্যায়ে ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জাম তৈরিতে কাঁচামালের যথাযথ পরিমাপ নিশ্চিত করা প্রয়োজন। নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সরঞ্জাম ব্যবহার দুর্ঘটনার অন্যতম কারণ।
যথাযথভাবে বিদ্যুতের পরিমাপ এবং সিস্টেম লস কমিয়ে আনতে সব ক্ষেত্রে স্থানে স্মার্ট এনার্জি মিটার ব্যবহারের আহ্বান জানান আমির হোসেন আমু। তিনি বলেন, বাড়তি জ্বালানি চাহিদার জোগান দিতে আলো কিংবা বিদ্যুৎ শক্তির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সব স্থানে জ্বালানি দক্ষ স্মার্ট এনার্জি মিটার ব্যবহার করা প্রয়োজন। বিষয়টি জনপ্রিয় করার উদ্যোগ নিতে তিনি বিএসটিআইয়ের কর্মকর্তাদের আহ্বান জানান।
বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত শিল্পসচিব সুষেণ চন্দ্র দাস, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, বিএসটিআইয়ের মেট্রোলজি বিভাগের পরিচালক আলী বক্তব্য প্রমুখ দেন।
বক্তারা বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে দেশে পণ্যের গুণগত মান পরীক্ষণ ও নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করতে হবে। এ জন্য বিএসটিআইয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে।