ভারতীয় প্রতিযোগিতা কমিশন সে দেশের ১১টি সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ছয় হাজার ২০০ কোটি রুপি জরিমানা করেছে। আইন লঙ্ঘন করে প্রতিযোগিতা-বিরুদ্ধ কর্মকাণ্ডের অভিযোগে তদন্ত শেষে এই জরিমানা করা হয়েছে।যে ১১টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, সেগুলো হলো: এসিসি, আম্বুজা সিমেন্টস, আলট্রাটেক সিমেন্টস, গ্রাসিম সিমেন্টস (এখন আলট্রাটেকের সঙ্গে একীভূত), জেকে সিমেন্টস, ইন্ডিয়া সিমেন্টস, সেঞ্চুরি সিমেন্টস, বিনানি সিমেন্টস, লাফার্জ ইন্ডিয়া ও জেপি সিমেন্টস।প্রতিযোগিতা কমিশন (কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া বা সিসিআই) এসব প্রতিষ্ঠানের ২০০৯-১০ ও ২০১০-১১ অর্থবছরের মুনাফার ৫০ শতাংশ জরিমানা হিসেবে ধার্য করেছে। কমিশন একই সঙ্গে সিমেন্ট প্রস্তুতকারক সমিতিকেও জরিমানা করেছে। ৯০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।ভারতীয় নির্মাতা সমিতির দেওয়া তথ্য ও অভিযোগের ভিত্তিতে সিসিআইর মহাপরিচালকের নেতৃত্বে অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানের পর কমিশন এই জরিমানা আরোপ করে। ‘প্রতিযোগিতা আইন: ২০০২’-এর ‘কার্টেল’ বা বাণিজ্য চক্রসহ প্রতিযোগিতা-বিরুদ্ধ ধারা অনুসারে এই অনুসন্ধান ও জরিমানা করা হয়েছে বলে কমিশনের বিবৃতিতে বলা হয়েছে। কমিশনের অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে যে বাজারে যখন চাহিদা বেড়ে গিয়েছিল, তখন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে উৎপাদন ও জোগান বাড়ায়নি। আর তাই জোগান-সংকট দেখা দেয়, যা সিমেন্টেরও দাম বাড়ায়। কমিশন এও নিশ্চিত হয়েছে যে এই প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতা-বিরুদ্ধ সমঝোতা করে বাজারে সিমেন্টের সরবরাহ সীমিত ও নিয়ন্ত্রিত এবং দাম নির্ধারণ করেছে।বিশ্লেষকেরা অবশ্য বলছেন, ১১টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হলেও সিংহভাগ প্রদান করতে হবে তিনটি প্রতিষ্ঠানকে। এগুলো হলো: এসিসি (১,৫০০ কোটি রুপি), আম্বুজা সিমেন্ট (১,২০০ কোটি রুপি) ও আলট্রাটেক সিমেন্ট (১,০০০ কোটি রুপি)।ধারণা করা হচ্ছে, কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতা আপিল ট্রাইব্যুনালে যাবে। সূত্র: বিজনেস লাইন ও ইকোনমিক টাইমস।