ভারপ্রাপ্ত এমডি দিয়ে চলছে সরকারি তিন ব্যাংক

ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছাড়াই চলছে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংক। এই তিন ব্যাংকের তিন এমডির মধ্যে দুজনের মেয়াদ শেষ ও একজনকে অপসারণ করা হয়েছে। এমডি হিসেবে এখন যাঁদের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে, ঝুঁকির ভয়ে তাঁরাও সিদ্ধান্ত নিচ্ছেন না। ফলে দৈনন্দিন, ব্যবসায়িক ও অন্যান্য সিদ্ধান্ত গ্রহণ অনেকটাই থমকে গেছে ব্যাংক তিনটিতে। এর মধ্যে সোনালী ব্যাংকে চেয়ারম্যান ও এমডি দুটিই চলছে ভারপ্রাপ্ত দিয়ে।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো ব্যাংকে এমডি পদ শূন্য হলে অস্থায়ীভাবে দায়িত্ব পালনকারী ব্যক্তি এমডির সার্বিক দায়িত্ব পালনে দায়বদ্ধ। তবে এমডি পদ তিন মাসের বেশি কোনোভাবেই শূন্য রাখা যাবে না। এমডি পদ তিন মাসের বেশি শূন্য থাকলে বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংকে প্রশাসক নিয়োগ দিতে পারবে।
চার বছর দায়িত্ব পালন শেষে গত ১৬ জুন বিদায় নেন সোনালী ব্যাংকের এমডি প্রদীপ কুমার দত্ত। তিনি দায়িত্ব নেওয়ার সময়ে ২০১২ সালে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ১২ হাজার ৫৯৭ কোটি টাকা। ২০১৫ সাল শেষে তা কমে হয় ৮ হাজার ৬৮৫ কোটি টাকা। তবে ২০১২ সালে ঋণ অবলোপন ছিল ১ হাজার ১৯ কোটি টাকা। যখন তিনি দায়িত্ব শেষ করেন, তখন অবলোপিত ঋণের পরিমাণ ৮ হাজার ৪২৮ কোটি টাকা। প্রদীপ কুমারের দায়িত্ব শেষে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পান ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আতাউর রহমান প্রধান। কয়েক দিনের মধ্যে তিনিও এমডি হিসেবে পদোন্নতি পেয়ে প্রবাসীকল্যাণ ব্যাংকে দায়িত্ব নেন। এরপর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাংকটির ডিএমডি দিদার মো. আবদুর রবকে। এদিকে ব্যাংকটির চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘদিন ধরে চলতি দায়িত্ব পালন করছেন ব্যাংকটির পরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী।
জানতে চাইলে সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, ‘আমরা এমডির খোঁজে সার্চ কমিটি গঠন করেছি। সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার পরই এমডি নিয়োগ হবে।’
এদিকে ছয় বছর দায়িত্ব পালন শেষে ৬ জুলাই বিদায় নেন রূপালী ব্যাংকের এমডি এম ফরিদ উদ্দিন। এমডি হিসেবে রূপালী ব্যাংকে ২০১০ সালে যোগ দিয়ে তিনি ব্যাংকটির খেলাপি ঋণ পেয়েছিলেন ৭৯০ কোটি টাকা। বিদায়ের সময় ব্যাংকটির খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩৪১ কোটি টাকা। তাঁর দায়িত্ব শেষে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পেয়েছেন দেবাশীষ চক্রবর্তী। ব্যাংকটিতে এমডি নিয়োগে এখনো প্রক্রিয়া শুরু হয়নি বলে জানা গেছে।
সর্বশেষ অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদকে গত ২৯ জুন অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। তাঁর মেয়াদের ছয় বছরে ব্যাংকটির খেলাপি ঋণ হয়েছে দ্বিগুণ, মুনাফা কমেছে পাঁচ গুণ। তাঁকে অপসারণের পর এমডির দায়িত্ব দেওয়া হয় ডিএমডি মিজানুর রহমান খানকে। দায়িত্ব পাওয়ার পরই তাঁকে দুর্নীতি দমন কমিশন গ্রেপ্তার করে। এরপর দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাংকটির ডিএমডি কাজী সানাউল হককে।
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখ্ত প্রথম আলোকে বলেন, ‘এমডি নিয়োগে সার্চ কমিটি করা হয়েছে। এ লক্ষ্যে কাজ চলছে।’
ব্যাংক তিনটি সূত্রে জানা গেছে, যাঁদের এমডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা ঝুঁকির ভয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। পদোন্নতি পেতে পারেন—এই আশায় দিন গুনছেন তাঁরা। ফলে নিয়মিত অনেক ফাইলও আটকে গেছে।