ভারসাম্য রক্ষার বাজেট করা হবে: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা চ্যালেঞ্জ সত্ত্বেও সামষ্টিক অর্থনীতির ভারসাম্য রক্ষার বাজেট প্রণয়ন করবেন বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, ভবিষ্যতে ভর্তুকি ও ব্যাংকঋণ দুটোই কমিয়ে আনা হবে। স্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হবে সার, জ্বালানি তেল ও বিদ্যুতে। আর, মূল্যস্ফীতির চ্যালেঞ্জ মোকাবিলায় অভ্যন্তরীণ সরবরাহব্যবস্থা শক্তিশালী করা হবে। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং বেসরকারি টিভি চ্যানেল এনটিভির যৌথ আয়োজনে ‘কেমন বাজেট চাই ২০১২-১৩’ শীর্ষক আলোচনায় মঙ্গলবার রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেছেন। আমদানিপণ্য হিসেবে খাদ্যপণ্য ও জ্বালানি তেলের দাম বাড়লেও তেমন কিছু করার থাকে না বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আরও বলেছেন, ‘আন্তর্জাতিক পরিস্থিতিতে আগামী বাজেটে উচ্চাভিলাষী হওয়ার কোনো সুযোগ নেই। আর তাই শেষ পর্যন্ত রক্ষণশীল বাজেটই করতে যাচ্ছি। মাত্র ১৭ শতাংশ বাড়াচ্ছি। অথচ উচিত ছিল দুই লাখ কোটি টাকার বাজেট।’ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বাজেট আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মঈন খান, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ। সরাসরি সম্প্রচার করা এ আলোচনায় চট্টগ্রাম থেকে অংশ নেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোর্শেদ মুরাদ ইব্রাহীম। এ ছাড়া খুলনা থেকে কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। গোটা অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ। মঈন খান বলেন, পুরো উন্নয়ন-বাজেটই ঘাটতির মধ্যে রয়েছে। অর্থাৎ এই পরিমাণ টাকা সরকারের হাতে নেই। এমন পরিস্থিতিতে এক লাখ ৮৯ হাজার কোটি টাকার বাজেট অর্থমন্ত্রী দিতে পারবেন। কিন্তু শঙ্কা হলো, তিনি কতটুকু তা বাস্তবায়ন করতে পারবেন। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আউটলুকের পূর্বাভাসের উদাহরণ টেনে মঈন খান বলেন, ‘দেশে বর্তমানে লেনদেনের ভারসাম্য নাজুক, দ্রব্যমূল্য লাগামহীন, রপ্তানি প্রবৃদ্ধিতে নিম্নগতি ও আকাশচুম্বী ভর্তুকিতে সামষ্টিক অর্থনীতির ত্রাহি ত্রাহি অবস্থা।’ দুঃখ ভারাক্রান্ত হূদয়ে বাজেট আলোচনায় বসতে হয়েছে উল্লেখ করে মঈন খান বলেন, ‘অর্থমন্ত্রীর নিজের অঞ্চলের মানুষ আমাদের রাজনৈতিক সহকর্মী ইলিয়াস আলী সাত দিন ধরে নিখোঁজ। তাঁর স্ত্রী-সন্তান উন্মুখ হয়ে বসে আছে, তিনি ফিরে আসবেন। আমরাও অপেক্ষা করছি।’ বাজেট আলোচনায় এই প্রসঙ্গ না আনাই উচিত ছিল বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। এডিবির পূর্বাভাস প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এডিবি, আইএমএফ, বিশ্বব্যাংকসহ আমাদেরও অনেকে এ রকম প্রাক্কলন করেন। অনেক ক্ষেত্রে যৌক্তিক মনে হলেও প্রত্যেকবারই দেখি, বাস্তবতার সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না।’উল্লেখ্য, এডিবি চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার ৬ দশমিক ২০ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে।