ভালুকায় কোকা-কোলার কারখানা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীতে গতকাল কোকা–কোলার কারখানা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (বাঁ থেকে চতুর্থ) l ছবিটি কোকা–কোলার সৌজন্যে
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীতে গতকাল কোকা–কোলার কারখানা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (বাঁ থেকে চতুর্থ) l ছবিটি কোকা–কোলার সৌজন্যে

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষ কোমলপানীয় উৎপাদনকারী কোম্পানি কোকা-কোলার অঙ্গপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজেস বাংলাদেশে প্রায় ৬ কোটি ডলার বা ৪৮০ কোটি টাকা বিনিয়োগে একটি বোতলজাতকরণ কারখানা করেছে। গতকাল বুধবার এ কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
ময়মনসিংহের ভালুকায় প্রতিষ্ঠিত এ কারখানায় প্রাথমিকভাবে কোকা-কোলা, ফানটা ও স্প্রাইট ব্র্যান্ডের কোমলপানীয় এবং কিনলে ব্র্যান্ডের পানি উৎপাদিত হবে। এতে সরাসরি প্রায় ১৫০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। পরিবহন, উৎপাদন, মোড়কজাতকরণ ও সরবরাহব্যবস্থায় আরও এক হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
উদ্বোধনী অনুষ্ঠানটি হয় কারখানা প্রাঙ্গণে। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, তিনি বরাবরই কোকা-কোলার ভক্ত। পানীয়টির প্রতি তাঁর এ ভালো লাগা শুরু হয় ষাটের দশকের মাঝামাঝিতে, যখন তিনি বিদেশে ছিলেন। তিনি আশা প্রকাশ করেন, এই নতুন কারখানা স্থাপনের মাধ্যমে কোকা-কোলা আরও ভালোভাবে মানুষের চাহিদা মেটাতে পারবে।
মসিউর রহমান তাঁর বক্তব্যে দ্রুততার সঙ্গে কোকা-কোলার প্রথম কারখানা অনুমোদনের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কোকা-কোলা কোম্পানির প্যাসিফিক গ্রুপের প্রেসিডেন্ট জন মারফি, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইরিয়াল ফিন্যান, হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেসের প্রধান নির্বাহী কর্মকর্তা টি কৃষ্ণকুমার প্রমুখ।