ভালো বিক্রিতে খুশি ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিহ্যাবের আবাসন মেলায় (ঘড়ির কাঁটার দিকে) কম্প্রিহেনসিভ হোল্ডিংস, এশিয়ান টাউন ডেভেলপমেন্টস, হামিদ রিয়েল এস্টেট এবং শামসুল আলামিন রিয়েল এস্টেটের স্টলে ক্রেতা–দর্শনার্থ​ীরা l প্রথম আলো
রিহ্যাবের আবাসন মেলায় (ঘড়ির কাঁটার দিকে) কম্প্রিহেনসিভ হোল্ডিংস, এশিয়ান টাউন ডেভেলপমেন্টস, হামিদ রিয়েল এস্টেট এবং শামসুল আলামিন রিয়েল এস্টেটের স্টলে ক্রেতা–দর্শনার্থ​ীরা l প্রথম আলো

‘২১টি প্লট ও ৩টি ফ্ল্যাট বিক্রি হয়েছে। অন্য ক্রেতাদের সঙ্গেও কথাবার্তা চলছে। আশা করছি, আরও বিক্রি হবে। সব মিলিয়ে আমরা খুব খুশি।’ রিহ্যাবের শীতকালীন আবাসন মেলা কেমন হলো, জানতে চাইলে এভাবেই উচ্ছ্বসিত জবাব দিলেন স্বদেশ প্রপার্টিজের সহকারী ব্যবস্থাপক সঞ্চয় কুমার পাল।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব আয়োজিত এই আবাসন মেলায় ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি ও বিক্রি-বাট্টা বেশ ভালো হয়েছে। মেলার শেষ দিন গতকাল রোববার দুপুরের পর অন্তত ১০টি আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। রিহ্যাবের তিন-চারজন নেতাও জানালেন, প্রত্যাশার চেয়েও বেশি সফল হয়েছে মেলা।
ঘণ্টা দুয়েক মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেল, কর্মদিবস হওয়ায় শুক্র ও শনিবারের চেয়ে ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি ছিল একটু কম। তা সত্ত্বেও কিছু প্রতিষ্ঠানের স্টলে ভিড় ছিল। তবে অন্যান্য দিনের চেয়ে গতকাল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো। তেমনি একটি আর্থিক প্রতিষ্ঠান ডেলটা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন (ডিবিএইচ)। মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি ক্রেতাদের ফ্ল্যাট বা প্লট কেনার ক্ষেত্রেও ১০ শতাংশ সুদে ৭০ শতাংশ পর্যন্ত অর্থ ঋণ দিচ্ছে। অন্য সময় তারা সাড়ে ১০ থেকে পৌনে ১১ শতাংশ সুদে গৃহঋণ দিয়ে থাকে। জানতে চাইলে ডিবিএইচের কর্মকর্তা এমদাদুল আজিজ বলেন, ‘মেলায় আমরা ১৫০ জন ক্রেতাকে ঋণ দেওয়ার প্রাথমিক প্রক্রিয়া শেষ করেছি।’
এবিসি রিয়েল এস্টেট এবারের মেলায় ঢাকা-চট্টগ্রামের ১৬টি প্রকল্পের ১২০-১৩০টি ফ্ল্যাট বিক্রির জন্য প্রদর্শন করে। ঢাকায় বসুন্ধরা, উত্তরা, বনানী, গুলশান, ধানমন্ডি, বেইলি রোড, ইস্কাটন, মিরপুর ও নাখালপাড়ায় তাদের ১,২০০-৪,০০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম ৭,০০০-২৮,০০০ টাকা প্রতি বর্গফুট। চট্টগ্রামে দুটি প্রকল্পে তাদের ফ্ল্যাট আছে ৩৫টি। ২,১০০-২,২৫০ বর্গফুটের এসব ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম সাড়ে ৬,৫০০ থেকে ৮,৫০০ হাজার টাকা। এবিসির মহাব্যবস্থাপক (বিক্রয়) তানভীর হায়দার বলেন, মেলায় ভালো সাড়া পাওয়া গেছে। এখন পর্যন্ত দুটি ফ্ল্যাট বিক্রি হয়েছে।
ঢাকা ক্যান্টনমেন্টের পশ্চিম পাশে মসজিদ, সুইমিংপুল, কমিউনিটি ক্লাব, দুটি স্কুলের সুবিধাসহ বিজয় রাকিন সিটি গড়ছে রাকিন ডেভেলপমেন্ট কোম্পানি। সেখানে ১,৯৫০টি ফ্ল্যাট আছে। ১,৫৫৩-১,৮৭২ বর্গফুটের এসব ফ্ল্যাটের বর্গফুটপ্রতি দাম ৬,০০০-৬,৮০০ টাকা। প্রতিষ্ঠানটির নির্বাহী শাহীন শিকদার বলেন, মেলাসহ এ মাসে ৫০টি ফ্ল্যাট বিক্রি হয়েছে।
স্বদেশ প্রপার্টিজ ঢাকার খিলক্ষেতে ১,৮০০ বিঘা আয়তনের স্বর্ণালি প্রকল্পের ৫, সাড়ে ৭ ও ১০ কাঠা আয়তনের প্লট বিক্রি করছে। প্রতি কাঠার দাম ৪২ লাখ টাকা। কিস্তিতে কিনলে ৪৫ লাখ টাকা। আছে ২-১০ কাঠার বাণিজ্যিক প্লট। পাশাপাশি রয়েছে ২,৪০০ বর্গফুটের ফ্ল্যাট। দাম ৬,০০০ টাকা প্রতি বর্গফুট বলে জানান স্বদেশের কর্মকর্তা সঞ্চয় কুমার পাল।
এদিকে রূপায়ণ প্লট ও ফ্ল্যাটের বেশ কিছু প্রকল্প মেলায় নিয়ে আসে। ঢাকার আশুলিয়া, সাভার ও কোনাপাড়া এবং সিলেট, কুমিল্লা ও কক্সবাজারে প্রতিষ্ঠানটির আড়াই, ৩ ও ৫ কাঠার প্লট আছে। কাঠাপ্রতি দাম ৬ লাখ থেকে ২৫ লাখ টাকা। এ ছাড়া রাজধানীর বাংলামোটর, পল্টন, কচুক্ষেত, মালিবাগ, উত্তরা ও সিদ্ধেশ্বরী এবং নারায়ণগঞ্জে রূপায়ণের ৬৬০-৩,৫০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট আছে। দাম ৩ হাজার থেকে ২০ হাজার টাকা বর্গফুট। প্রতিষ্ঠানটির কর্মকর্তা আবদুল আওয়াল বললেন, মেলায় প্রায় আড়াই হাজার ক্রেতার সঙ্গে বিভিন্ন প্রকল্প নিয়ে কথা হয়েছে।
র্যাংগস প্রপার্টিজের ব্যবস্থাপক মামুন আবদুল কাইয়ূম জানালেন, তাঁদের পাঁচ-সাতটি ফ্ল্যাট বিক্রি হয়েছে। আরও কয়েকটির বিক্রি নিয়ে কথাবার্তা চলছে। অন্যদিকে কনকর্ডের ব্যবস্থাপক আশীষ কুমার সরকার বললেন, ফ্ল্যাট বিক্রির সংখ্যা আটটি। আরও বাড়বে বলে প্রত্যাশা তাঁদের।
জানতে চাইলে রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা সন্তুষ্ট। গত তিন-চারটি মেলার চেয়ে এবারে ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে।’ তিনি জানান, পাঁচ দিনের এ মেলায় গতকাল বিকেল পর্যন্ত ২২ হাজার ক্রেতা-দর্শনার্থী এসেছেন।