ভালোবাসা দিবসে যাত্রা শুরু লাভেলো আইসক্রিমের

বিশ্ব ভালোবাসা দিবসে গতকাল রোববার থেকে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো লাভেলো আইসক্রিম নামে নতুন একটি পণ্যের। রাজধানীর একটি হোটেলে গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আইসক্রিমের বিপণন কার্যক্রম চালু করেছে লাভেলোর উৎপাদনকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুড অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দেশের আইসক্রিম বাজারে লাভেলো ষষ্ঠ দেশীয় প্রতিষ্ঠান।
লাভেলোর বিপণন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তাওফিকা ফুডসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দাঁতো একরামুল হক, প্রধান পরিচালন কর্মকর্তা মমোতাজুল ইসলাম, হেড অব অপারেশনস পি ডব্লিউ গুনাপালা, প্রধান বিপণন কর্মকর্তা পারভেজ হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের বাজারে সর্বনিম্ন ১২ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৪৫ টাকায় লাভেলোর বিভিন্ন স্বাদের আইসক্রিম পাওয়া যাবে। ৮০ কোটি টাকা বিনিয়োগে ময়মনসিংহের ভালুকায় লাভেলো আইসক্রিম কারখানা স্থাপন করা হয়েছে, যেখানে বর্তমানে সরাসরি কর্মরত আছেন ২০০ জন। বিপণন কার্যক্রমের অংশ হিসেবে গতকালের বিশ্ব ভালোবাসা দিবসকে ‘লাভেলো ডে’ হিসেবে পালন করে প্রতিষ্ঠানটি।
একরামুল হক বলেন, ‘লাভেলো আইসক্রিম বিপণনের সব প্রস্তুতি শেষ করে রাখা ছিল। শুধু এ দিনটির জন্য আমরা অপেক্ষায় ছিলাম। আজ (রোববার) ভালোবাসার দিনে এই ভালোবাসার আইসক্রিমের যাত্রা শুরু হলো।’
অনুষ্ঠানে আরও বলা হয়, এই কারখানায় চিনি ও পানি ছাড়া আইসক্রিম উৎপাদনে ব্যবহৃত দুধসহ অন্য সব উপকরণ ও কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা হয়। দুধ কেন দেশীয় উৎস থেকে সংগ্রহ করা হয় না এমন প্রশ্নের জবাবে তাওফিকা ফুডসের এমডি বলেন, ‘নিজস্ব খামার থেকে ভবিষ্যতে দুধ সংগ্রহের পরিকল্পনা আমাদের আছে।’