ভালো উৎপাদনের জন্য বেশি মজুরি দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত কানাডীয় হাইকমিশনার হিদার ক্রুডেন বলেছেন, ভালো উৎপাদনের জন্য বেশি মজুরি দিতে হবে। এ ছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন, ‘ব্যবসায়ীরা দুই নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সংলাপের উদ্যোগ নিয়েছেন। আশা করি, এটি সফল হবে।’
‘সামাজিক দায়িত্বশীলতার আন্তর্জাতিক মানদণ্ড’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন হিদার ক্রুডেন। বাংলাদেশ তৈরি পোশাকশিল্প মালিক সমিতির (বিজিএমইএ) সভাকক্ষে গতকাল রোববার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
মহীউদ্দীন খান আলমগীর বলেন, ব্যবসায় মুনাফা অর্জন দেশকে এগিয়ে নিতে সাহায্য করে। বিনিয়োগ বাড়ায়। তবে রাজনৈতিক অস্থিরতায় তা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসায়ীদের এই প্রতিবন্ধকতা অতিক্রম করে মুনাফা করতে হবে।
বিজিএমইএ ও কানাডীয় হাইকমিশন যৌথ উদ্যোগে সামাজিক দায়িত্বশীলতার আন্তর্জাতিক মানদণ্ড বইটি প্রকাশ করেছে। বর্তমানে সামাজিক দায়িত্বশীলতার আন্তর্জাতিক অনুশীলন এবং কীভাবে বাংলাদেশি কোম্পানিগুলো তাদের কর্মকাণ্ডে আইএসও ২৬০০০ নির্দেশিকা ব্যবহার করতে পারে, সে বিষয়টি তুলে ধরাই এই উদ্যোগের উদ্দেশ্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফাইন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের চেয়ারম্যান মামুন রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সহসভাপতি শহিদুল্লাহ আজিম ও রিয়াজ-বিন-মাহমুদ।
মজুরি বোর্ডের সভা ২১ নভেম্বর: নিম্নতম মজুরি বোর্ডের দশম সভা ২১ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান এ কে রায়।
বোর্ডে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি যথাক্রমে আরশাদ জামাল ও সিরাজুল ইসলাম এই তথ্য জানিয়ে বলেন, ওই দিন মজুরি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।