ভালো ঋণগ্রহীতার স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো ভালো ঋণগ্রহীতা অর্থাৎ নিয়মিত যাঁরা ব্যাংকের দেনা পরিশোধ করেন, তাঁদের জন্য নীতি-সহায়তা ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
টানা তিন বছর যেসব ঋণগ্রহীতা ব্যাংকের ঋণ নিয়মিত পরিশোধ করেন, তাঁদের ভালো ঋণগ্রহীতার স্বীকৃতিও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এসব ভালো গ্রহীতার জন্য বছর শেষে আদায় করা সুদ বা মুনাফার ওপর কমপক্ষে ১০ শতাংশ হারে রেয়াত বা ছাড় দিতেও বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক গতকাল বৃহস্পতিবার ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে এ নির্দেশনাটি পাঠায়।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা ভালো গ্রাহককে উৎসাহিত করতে চাই। এর মাধ্যমে ঋণ সংস্কৃতির মান উন্নত করে ব্যাংকের আয় বৃদ্ধি এবং ব্যবসায়ে সস্তা পুঁজি বা অর্থায়ন করতে চাই।’
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের ঋণ আদায় ও দেশের ব্যবসা-বাণিজ্য সচল রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য ঋণ পুনঃ তফসিল, পুনর্গঠনসহ বিভিন্ন নীতিমালা প্রণয়ন করে থাকে। এসব সুবিধার পাশাপাশি ব্যাংকগুলো নিজস্ব নীতিমালার আলোকেও তাদের গ্রাহকদের বিভিন্ন সুবিধা দিচ্ছে। কিন্তু ভালো ঋণগ্রহীতাদের উৎসাহিত করার জন্য কোনো ধরনের প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়ার নীতিমালা নেই।
কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনায় আরও বলেছে, দেশে উন্নত ঋণ সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে যাঁরা নিয়মিত ঋণ পরিশোধ করেন অর্থাৎ ভালো ঋণগ্রহীতাদের অতিরিক্ত কিছু সুবিধা দেওয়ার মাধ্যমে উৎসাহিত করার প্রয়োজন রয়েছে।
এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ভালো ঋণগ্রহীতা চিহ্নিত করে তাঁদের প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ভালো ঋণগ্রহীতার সংজ্ঞা তৈরি করে নির্দেশনায় যুক্ত করা হয়েছে।
সংজ্ঞা অনুসারে চলমান ঋণের ক্ষেত্রে ক্রমাগত, তলবি ঋণে বিগত এবং মেয়াদি ঋণের কিস্তি পরিশোধে কোনো ঋণ যদি টানা তিন বছর অশ্রেণীকৃত-স্ট্যান্ডার্ড (মান সম্পন্ন) থাকে এবং ঋণ মঞ্জুরিপত্রের বা নবায়নপত্রের শর্ত অনুসারে ঋণগুলোর লেনদেন সন্তোষজনক হয়, তাহলে ওই গ্রাহক ভালো ঋণগ্রহীতা হিসেবে বিবেচিত হবেন।
আবার সব ক্ষেত্রেই কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে বিগত তিন বছর কোনো গ্রাহক বা তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বিরূপভাবে শ্রেণীকৃত ঋণ থাকলে তাকে ভালো ঋণগ্রহীতা বিবেচনা করা যাবে না। তিন বছর হিসাব করতে চলতি বছর শেষের লেনদেনের সঙ্গে পূর্ববর্তী দুই বছরের লেনদেন বিবেচনায় নিতে বলা হয়েছে।
এভাবে সংজ্ঞায়িত চলমান, তলবি ও মেয়াদি ঋণের ভালো গ্রহীতাকে এ বছর শেষে আদায় করা সুদ বা মুনাফার (ইসলামী ব্যাংকের ক্ষেত্রে) ওপর কমপক্ষে ১০ শতাংশ হারে রেয়াত বা ছাড় দিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তী বছরগুলোতেও যদি গ্রাহকের ঋণমান একইভাবে নিয়মিত থাকে, তবে একই ধরনের সুবিধা অব্যাহত রাখতেও কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়েছে। আবার ভালো গ্রাহকের ঋণ প্রয়োজনীয়তার ভিত্তিতেও বর্ধিত করা যাবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ব্যাংকগুলো বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে ভালো ঋণগ্রহীতাদের স্বীকৃতি বা পুরস্কার দিয়ে তাদের সামাজিকভাবে উচ্চ অবস্থানে নিয়ে যাওয়ার মাধ্যমে ভালো গ্রহীতাদের উৎসাহিত করার ব্যবস্থা করতেও বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে।